নাটকের গানে বেবী নাজনীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম কোনো নাটকের গানে কণ্ঠ দিলেন সংগীত তারকা বেবী নাজনীন। এটিএন বাংলার চলতি ধারাবাহিক ‘পথ জানা নাই’ নাটকে গান গাওয়ার মাধ্যমে বেবী নাজনীনের নাটকের গানে অভিষেক হলো। সাংবাদিক আহম্মদ জামান চৌধুরীর লেখা এবং শেখ সাদী খানের সুরে গানটির কথা হচ্ছে, ‘একটা মানুষ পেয়েছিলাম অনেক সাধন করে।’ গতকাল সোমবার সন্ধ্যায় স্টুডিওতে গানটির রেকর্ড করা হয়। নাটকের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘সংগীতের বিভিন্ন বিভাগে কাজ করা হলেও এ পর্যন্ত কোনো নাটকের গানে কণ্ঠ দেওয়া হয়নি। অনেক দিন পর্যন্ত একটা ভালো কথা এবং সুর খুঁজছিলাম। অবশেষে সেটা পেয়ে যাওয়ায় নাটকের গানে কণ্ঠ দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘গানটিতে কণ্ঠ দিতে পেরে বেশ ভালো লাগছে। আশা করছি, এ গানটি দর্শক-শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করবেন। গানটির কথাটা ছিল অসাধারণ। আর সুরের তো জুড়িই নেই। ভালো কথা এবং সুরকার হলে নাটকের গানে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে।’‘পথ জানা নাই’ ধারাবাহিকের পরিচালক সূত্রে জানা গেছে, ১৩ পর্ব থেকে গানটির চিত্রায়ণ নাটকে দেখা যাবে। এরই মধ্যে নাটকটির পাঁচ পর্ব পর্যন্ত প্রচারিত হয়েছে।