নাটকের গানে রুনা ও সাবিনা

এবার নাটকের গানে কণ্ঠ দিলেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। এই ধারাবাহিক নাটকটির নাম দলছুট প্রজাপতি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। গানটিতে গত রোববার কণ্ঠ দেন রুনা লায়লা। গত মে মাসে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমীন। নাটকটির নাট্যকার ফারিয়া হোসেন, পরিচালক আরিফ খান।
রুনা লায়লা বলেন, ‘আমাদের দুজনকে দিয়ে নাটকে গান গাওয়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য পরিচালককে ধন্যবাদ জানাই।’
সাবিনা ইয়াসমীন বলেন, ‘বড় শিল্পীর সঙ্গে গান গাওয়াটা খুব আনন্দের। এই কাজটাও তেমনই। গানটির সুর ও সংগীত পরিচালনা খুবই ভালো হয়েছে। ফরিদ বরাবরই চমৎকার সুর করেন। তা ছাড়া গানটির কথাও ভালো।’
সাবিনা ইয়াসমীন আরও বলেন, ‘আমাদের দেশে গায়িকাদের দ্বৈত গান খুব একটা হয় না। হলে হয়তো রুনা লায়লার সঙ্গে আমার আরও গান করা হতো। আমরা দুজন কিন্তু অনেক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছি। মঞ্চে গান গেয়েছি। রিয়েলিটি শোর বিচারকও হয়েছি।’
সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা প্রথম একসঙ্গে গান করেন ১৯৭৬ সালে। সত্য সাহার সুরে গাওয়া গানটি প্রতিনিধি ছবিতে ব্যবহার করা হয়। এবারই প্রথম এই দুই সংগীতশিল্পী নাটকের গানে কণ্ঠ দিলেন।