নাটকের বিষয় ভূমিকম্প
আয়েশার সঙ্গে আয়াজের বিয়ে ঠিক করেছে বাবা-মা। হঠাৎ দেখা যায় আয়াজ উদ্ভট সব কাজকর্ম করছে। এই কাজে সে বাসার কেয়ারটেকার, বাবুর্চি, মালিসহ নিজের বাবা-মাকেও যুক্ত করে। সে তার প্রশিক্ষণের স্কুলে শ্বশুরবাড়ির লোকজনকেও আমন্ত্রণ জানায়। আয়াজের উদ্ভট কর্মকাণ্ডের কারণে বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। মেয়ে পক্ষ জানিয়ে দেয়, মানসিক চিকিৎসকের সার্টিফিকেট ছাড়া বিয়ে দেওয়া হবে না। এত কিছুর পরও আয়াজ তার অদ্ভুত সব কর্মকাণ্ড অব্যাহত রাখে। এটি ৫.৫ নাটকের গল্প। ঈদের জন্য নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। তিনি বলেন, ‘এখন ভূমিকম্প নিয়ে প্রায় সবার মধ্যেই নানা ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার নানা বৈজ্ঞানিক উপায় আছে। আমার এই নাটকে হাস্যরসের মধ্য দিয়ে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, প্রিসিলা পারভিন, হিটলু, সঞ্জীব, সুলতান, মীর সাব্বির, মোনালিসা প্রমুখ।