নাটকের শিরোনাম সংগীতে পার্থ-ফাহমিদা
পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবী এবারই প্রথম কোনো নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিলেন। আগামী মাসে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটকটির শিরোনাম সংগীতে তাঁরা কণ্ঠ দিয়েছেন। ‘কাছে আসি ভালোবাসি’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া । গত বুধবার সন্ধ্যায় পার্থ বড়ুয়ার মগবাজারের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়। একসঙ্গে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমরা একসঙ্গে ক্লোজআপ ওয়ানসহ কয়েকটি প্রতিযোগিতায় বিচারক ছিলাম । তবে এবারই প্রথম পার্থ বড়ুয়ার সঙ্গে গানে কণ্ঠ দিলাম। গানটি অসাধারণ হয়েছে। আশা করছি, শ্রোতাদের কাছে এটি খুবই ভালো লাগবে। যত দূর জানি, গানটির ভিজ্যুয়ালাইজেশনেও আমাদের অংশ নিতে হবে।’উল্লেখ্য, আলী যাকের-সারা যাকের, তৌকীর আহমেদ-বিপাশা হায়াত ও তাহসান-মিথিলা তিন সময়কার তিন জুটি। এ তিন জুটির বাস্তব জীবনের প্রেমের গল্প নিয়ে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের পর এবার দর্শকদের কাছ থেকে ভালোবাসার গল্প আহ্বান করা হয়েছে। আর এখান থেকে নির্বাচিত তিনটি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হবে তিনটি নাটিকা। এ তিনটি নাটিকাতে পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবীর এই গানটি ব্যবহূত হবে।