নাটকের সন্তানদের প্রতি স্নেহ-ভালোবাসা বাস্তবের বাবার মতোই
>অভিনেতা আবুল হায়াতকে দেখলেই একজন বাবার ভাবমূর্তি ভেসে ওঠে। নাটকে, চলচ্চিত্রে বাবা চরিত্রে তাঁকেই সব থেকে বেশি দেখা গেছে। এমনকি নিজের থেকে বয়স্ক শিল্পীদের বাবার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে পর্দায় বাবা হওয়ার আনন্দ নিয়ে কথা বললেন আবুল হায়াত

আপনার অভিনয়জীবনের সব থেকে উল্লেখযোগ্য বাবা চরিত্র কোনটি?
অভিনয়ের একেবারে শুরুর দিকে একা একা নামের একটি নাটকের কথা মনে পড়ছে। তখন আমি ৩৫ বছরের যুবক, অভিনয় করতে হয়েছে নব্বই-ঊর্ধ্ব এক বাবার চরিত্রে। একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের অভিনয়-দক্ষতা দেখানোর সুযোগ ছিল সেই নাটকে। এখন অনেক নির্মাতাই বাবার চরিত্রের জন্য শুরুতেই আমার কথা ভাবেন। এটা আমার জন্য আনন্দদায়ক ও উৎসাহজনক।
বাবা হতে কেমন লাগে?
বাবা হতে পারছি, এটা বিরাট ব্যাপার। একদম তরুণ বয়স থেকেই বাবার চরিত্রে অভিনয় করছি। আমি যাঁদের বাবা হতাম, তাঁদের অনেকেই বয়সে আমার বড়। এঁদের মধ্যে ফেরদৌসী মজুমদার, বুলবুল আহমেদ, সৈয়দ আহসান আলী সিডনি, গোলাম মুস্তাফা, সিরাজুল ইসলাম, মমতাজউদ্দীন স্যারসহ অনেকেই আছেন। এখনকার প্রজন্ম তো আছেই।
নাটক, সিনেমার বাবাটি বাস্তবে কেমন?
বাস্তবের বাবার দায়িত্ব অনেক বেশি। বাস্তবের বাবা তাঁর স্ত্রী, পরিবার ও সন্তানের প্রতি অনেক দায়িত্বশীল। নাটকের বাবার যে দায়িত্ব নেই, সে কথা বলব না। নতুন প্রজন্মের যারা এখন আমার সন্তানের চরিত্রে অভিনয় করছে, তাদের প্রতি আমার একধরনের স্নেহ-ভালোবাসা আছে। নাটকের সন্তানদের প্রতি আমার স্নেহ-ভালোবাসা বাস্তবের বাবার মতোই।
এখনকার বাবা-মায়ের সঙ্গে সন্তানের বন্ধুত্ব হয়?
এখনকার সন্তানেরা প্রায়ই দেখি, বন্ধুদের সঙ্গে নিজেদের সব ভাবনা-চিন্তা শেয়ার করে। এটা ভুল। আমি মনে করি, বাবা-মা-ই সন্তানের সবচেয়ে বড় নির্ভরতা। নতুন প্রজন্মের প্রতি আমার পরামর্শ হচ্ছে, সন্তানদের জন্য বাবা-মায়ের চেয়ে আপন কেউ নেই। তাঁদের কাছে কোনো কিছু লুকিয়ে রেখে কোনো লাভ নেই। সন্তানের সবচেয়ে আপন ও সব থেকে বড় আদর্শ হচ্ছেন পিতা-মাতা। তাই বলব, বাইরের মানুষ বা বন্ধুবান্ধবকে আপন মনে করে নিজের ভেতরের কথা না বলে বাবা-মায়ের কাছে বলো। নিজের সন্তানদেরও আমি তেমনটাই করতে বলেছি এবং তাদের বন্ধু হতে চেষ্টা করেছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের