আমেরিকান নাট্যকার আর্থার মিলার ১৯৪৯ সালে রচনা করেন নাটক ডেথ অফ এ সেলসম্যান। বহু পুরস্কারে ভূষিত এই নাটকের মূল উপজীব্য উইলি লোমান নামের একজন সেলসম্যানের জীবনের বিয়োগান্ত পরিণতি। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীরা নাটকটি মঞ্চে নিয়ে এলেন। এ নাটক দিয়ে গতকাল রোববার শুরু হয়েছে বিশেষ নাট্য সপ্তাহ।ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ প্রযোজিত ডেথ অফ এ সেলসম্যান অনুবাদ করেছেন ফতেহ লোহানী। নির্দেশনা দিয়েছেন জিয়াউল হক। গতকাল নাটকটির উদ্বোধন করেন লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।উইলি মনে করে, অর্থনৈতিক সফলতাই জীবনের সর্বক্ষেত্রে সফলতার একমাত্র মানদণ্ড। ফলে সেই সাফল্য অর্জনের জন্য সে মরিয়া হয়ে ওঠে। তার প্রাণপণ চেষ্টার প্রতিটি পদক্ষেপই অবশেষে ছেয়ে যায় ব্যর্থতায়। ব্যর্থতার বোধ অন্তিমে আনে এক অনিবার্য পরাজয় ও মৃত্যু। এভাবেই উইলির করুণ মৃত্যুর মধ্য দিয়ে নাট্যকার তথাকথিত আমেরিকান স্বপ্নের দিকে ধাবমান সাধারণ মানুষের ট্র্যাজেডি নির্মাণ করেন। বিত্তের প্রতাপে মোহগ্রস্ত মানুষের বিভ্রান্তি ও পরাজয়ের সত্য চিত্রিত হয় বলে বাংলাদেশের সমকালীন জীবন-বাস্তবতার পটভূমিতেও এই নাটক অত্যন্ত অর্থবহ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিফাত-ই-রাব্বী, ঐশ্বর্য আজাদ, তাহমিনা ইসলাম, নূর-ই-তানজিম, সাবিহা সুলতানা, লাহুল মিয়া, মাহবুবুর রহমান, অমিত জাহিদ, আশরাফুজ্জামান, মো. আবদুল হামিদ, রিদওয়ানুল কবীর, মীর মো. মানজুরুল হক, আবে হায়াত মোস্তফা জালাল, ফাহারিয়া খান, নূর-ই-তানজীম, শাইখুল কামাল, রিয়াদ-উর-রহমান, চন্দনা বিশ্বাস, শাহিদা সুলতানা, কানিজ ফাতিমা প্রমুখ।