নাটমণ্ডলে ‘লাল জমিন’
মুক্তিযুদ্ধের সময় চৌদ্দ ছুঁই ছুঁই একটি কিশোরীর গল্প নিয়ে মঞ্চস্থ হলো নতুন নাটক লাল জমিন। নাটকে মেয়েটি তার নিজের কথা বলে যায়। তার মুক্তিযুদ্ধ, জীবনযুদ্ধ নিয়ে এগিয়ে চলে কাহিনি। বাবা যুদ্ধে চলে গেলে তারও ইচ্ছে হয় যুদ্ধে যাওয়ার। লক্ষ্যে পৌঁছানোর আগেই পুরুষ যোদ্ধাদের অনেকেই শহীদ হন। পাঁচ যুবতীসহ কিশোরীর জীবনে ঘটে গেছে ভয়ানক সব ঘটনা। কিশোরীর ধবধবে জমিন নয় মাসে কী করে একটা লাল জমিন হয়ে উঠল, তারই প্রামাণ্য দলিল নতুন নাটক লাল জমিন। স্বাধীনতার ৪০ বছর পর সে দিনের সেই কিশোরী এখন বার্ধক্যের দিকে। তিনি বর্ণনা করেছেন তাঁর অভিজ্ঞতা।নতুন নাটকের দল শূন্যন লালজমিন নাটকটি এনেছে মঞ্চে। মান্নান হীরা রচিত এ নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটি মঞ্চস্থ হয়। উদ্বোধনী প্রদর্শনীটি ছিল আমন্ত্রিত দর্শকের জন্য। আজ শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে নাটকের নিয়মিত প্রদর্শনী শুরু হবে।