ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে শুরু হয়েছে শারদীয় নাট্যোৎসব। মঙ্গলবার সন্ধ্যায় বুদ্ধদেব বসু রচিত নাটক প্রথম পার্থ-এর উদ্বোধনী মঞ্চায়ন দিয়ে সাত দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে। উদ্বোধন করেন নাট্যাভিনেত্রী ফেরদৌসী মজুমদার।প্রথম পার্থ নাটকটির প্রয়োগ ও প্রযোজনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। নির্দেশনা দিয়েছেন বিভাগীয় শিক্ষক আহমেদুল কবির। ২৪ জন শিক্ষার্থী এ নাটকে অভিনয় করছেন।একাডেমিক কোর্সের অংশ হিসেবে নাটকটির মঞ্চায়ন হচ্ছে। নির্দেশক আহমেদুল কবির জানান, মহাভারতের অন্তর্গত একটা গল্প অবলম্বনে নাটকটি রচিত। নাটকটিতে যুদ্ধবিরোধী আবেদন আছে। শাসনক্ষমতা দখলের যে কূটকৌশল, তা নাটকে কৃষ্ণের চরিত্রে খুঁজে পাওয়া যাবে। অন্যদিকে কর্ণের মতো ত্যাগী মানুষের সন্ধানও পাওয়া যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ এস এম আলী ইমাম, সাওগাতুল ইসলাম, শাহারুল ইসলাম, মাহমুদুল হাসান, হাফিজুল ইসলাম, ইশতিয়াক খান, ফজলুর রহমান, আনিসুর রহমান খন্দকার, নাজমুল হুদা, কামরুল ইসলাম, সঞ্জিৎ মণ্ডল, সাইমা ফারজানা, ধীমান চন্দ্র বর্মণ, রিশান মাহমুদ প্রমুখ। ‘শারদীয় নাট্যোৎসব ২০১২’ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।