নাট্য-অলিম্পিকে বাংলার রাই-কৃষ্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাই-কৃষ্ণ পদাবলী নৃত্যনাট্যে শিবলী মহম্মদ  ও  শামীম আরা নীপা
রাই-কৃষ্ণ পদাবলী নৃত্যনাট্যে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা

• নৃত্যনাট্যকে অলিম্পিকে জায়গা দেওয়া হলো গত বছর।
• এ বছর সেখানে যাচ্ছে বাংলাদেশের প্রথম নৃত্যনাট্য।
• শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ অভিনীত নৃত্যনাট্য ‘রাই-কৃষ্ণ পদাবলী’।

নৃত্যনাট্যকে অলিম্পিকে জায়গা দেওয়া হলো গত বছর। সেবার থিয়েটার অলিম্পিকে নৃত্যনাট্য পরিবেশন করেছিল ভারতের একটি দল। এ বছর সেখানে যাচ্ছে বাংলাদেশের প্রথম নৃত্যনাট্য। এই অভিযাত্রায় প্রথমবারের মতো সেখানে মঞ্চস্থ হতে যাচ্ছে শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ অভিনীত নৃত্যনাট্য ‘রাই-কৃষ্ণ পদাবলী’।

গত ১৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হয়েছে ‘অষ্টম থিয়েটার অলিম্পিক ২০১৮’। এই উপমহাদেশের মঞ্চনাটকের তীর্থস্থানখ্যাত নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) আয়োজনে সেখানে নৃত্যনাট্য নিয়ে যাচ্ছে নৃত্যাঞ্চল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’র ব্রজবুলি ভাষা থেকে বাংলায় রূপান্তর করে গীতিনৃত্যনাট্য ‘রাই-কৃষ্ণ পদাবলী’ রচনা করেছেন শেখ হাফিজুর রহমান। নৃত্যনাট্যটির প্রথম মঞ্চায়ন হবে ১৪ মার্চ পাটনায়। এরপর ১৬ মার্চ দিল্লি ও ১৭ মার্চ হরিয়ানা রাজ্যে।

এর অন্যতম প্রধান চরিত্রের শিল্পী শামীম আরা নীপা বলেন, এই নৃত‍ যনাট্যে নাচের পাশাপাশি নাট‍্য অংশ অনেক বেশি। সে জন্য নির্বাচকেরা এটিই অলিম্পিকের জন্য পছন্দ করেছেন। শিবলী মহম্মদ বলেন, ‘থিয়েটার অলিম্পিকে এই নৃত‍্যনাট‍্যকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে। উৎসবের মূল মিলনায়তন দিল্লি ছাড়াও ভারতের আরও দুটি জায়গায় এর প্রদর্শনী হবে। আমাদের দেশের মতো অলিম্পিকেও এটি সমাদৃত হবে বলে আমার বিশ্বাস।’

ভারতের ১০টি শহরে অনুষ্ঠিত হবে এ বছরের থিয়েটার অলিম্পিক। যোগ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক নাটকের দল। বিশ্ব নাটকের ৫০ দিনের এই উৎসবে মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশের নাট‍্যদল থিয়েটারের নাটক বারামখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফেইড্রা। এ বছরের অলিম্পিকের বিষয়বস্তু বন্ধুত্বের পতাকা।