নাট্য নিকেতনের অষ্টম বর্ষ পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের সাংস্কৃতিক সংগঠন নাট্য নিকেতনের অষ্টম বর্ষ পূর্তি উদ্যাপিত হয়েছে। গত সোমবার সকালে শহরের ভাসানী মিলনায়তনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হয়। বর্ষপূর্তি অনুষ্ঠান এবং শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র মোকাদ্দেস আলী। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভাসানী মিলনায়তনে এসে শেষ হয়। সন্ধ্যায় ছিল আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হীরক গুণ, সিরাজগঞ্জ পথনাটক পরিষদের আহ্বায়ক আশরাফুল ইসলাম চৌধুরী ও সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম। অনুষ্ঠানে নাট্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দীনবন্ধু দাস ও শিহাব উদ্দীন খানকে নাট্য নিকেতন সম্মাননা দেওয়া হয়।