নাট্য ভাবনায় 'বাঁধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঁধ’ নাটকের দৃশ্য
‘বাঁধ’ নাটকের দৃশ্য

ছোট গল্প নিয়ে নাটক করাটা বেশ দুরূহ কাজ। গল্পের ভেতর থেকে বের করে আনতে হয় মূল প্রতিপাদ্য। মোহাম্মদ বারী সেই কাজটিই করেছেন অতি সন্তর্পণে। শওকত ওসমানের ‘ওই বাঁধে’ গল্প থেকে বের করে এনেছেন দুটি বাক্য ‘...নচেৎ খামাখা হয়তো কথা কাটাকাটি করবে। শুরু হবে মন কষাকষি।’ আপাতদৃষ্টিতে এ বাক্য দুটি গল্পের সলিম মাতবরের মুখ থেকে বেরিয়ে এলেও তাকে আমাদের সবার ভেতরের কথায় রূপান্তর করাটা খুব সহজসাধ্য নয়। নাটকের পটভূমি আমাদেরই অতিপরিচিত নদীমাতৃক বাঙালি জনপদ ঘিরে। যেখানে সাধারণ মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত পাল্লা দিতে হয় প্রকৃতির সঙ্গে। আর এই লড়াই জিতে নেওয়ার শিক্ষাটাও হয়তো প্রকৃতি সাজিয়ে রেখেছে আমাদের সামনে। শুধু তাকে চিনে নেওয়ার চোখ দরকার সবার। শওকত ওসমান সেই চোখ খুলে দেওয়ার প্রয়াস নিয়েছিলেন তাঁর গল্পে। এর সঙ্গে সঙ্গে নাট্যকারের সংযুক্ত করা উত্তর ও দক্ষিণ পাড়ার দ্বন্দ্ব যেন গল্পটাকে করেছে আরও সমসাময়িক। সত্যিই আমরা এখনো বেরিয়ে আসতে পেরেছি কি এসব অতি ক্ষুদ্র জাতিতত্ত্ব থেকে?
১১ জুলাই ২০১৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বাঁধ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন দেখতে গিয়ে মনে হলো ছোট গল্প থেকে নাটকের উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আর প্রয়োগটা কিছু মঞ্চপ্রেমী মানুষের। ওরা আমাদের সামনে ছবির মতো করে তুলে ধরতে চেয়েছে মানুষেরই গল্প। তাদের লড়াইয়ের গল্প। কিছু পুনরাবৃত্তি সত্ত্বেও নাটকটি বারবার আমাকে বিচলিত করে তোলে এসব বানভাসি মানুষের জন্য। ওদের এক চিলতে শুকনো মাটির জন্য বাঁধের ওপর আশ্রয় নেওয়ার সংগ্রাম করে আমাকে অসহায়। আবার একই সঙ্গে শঙ্কিত করে অতি তুচ্ছ উত্তর আর দক্ষিণ পাড়ার রেষারেষি যখন ভুলিয়ে দেয় আমাদের মানবিক মূল্যবোধগুলোকে। যেখানে নারী-পুরুষের ভেদ নেই, সেখানেই কেমন করে যেন আঁকড়ে ধরে থাকে কোনো এক অন্তঃসারশূন্য শত্রুতা। একদিকে বাঁধ ভেঙে সব তলিয়ে যাওয়ার শঙ্কা আর অন্যদিকে মানুষের তৈরি সংকটের দোলাচলে যখন নাটক এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ থমকে দাঁড়াতে হয় একদল পিঁপড়াকে দেখে। মানুষের তুলনায় অতি নগণ্য এক প্রাণী শুধু নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে দল বেঁধে। থমকে দাঁড়ায় নাটকের পাত্র-পাত্রী, আবিষ্কার করে মানবদর্শনের প্রায় হারিয়ে যেতে বসা আরেক সত্যকে। যুদ্ধ কিংবা হানাহানি নয়। ঐক্যই হতে পারে মানবের একমাত্র পরিত্রাণ।
নাট্যরূপ ও নির্দেশনার কাজটি মোহাম্মদ বারী সুচারুভাবে সম্পন্ন করতে চেষ্টার ত্রুটি রাখেননি। যদিও কিছু কিছু অংশে মনে হয় যেন পরিমিতির অভাব থেকে গেছে এখন অবধি। প্রথম মঞ্চায়ন এ অভিনেত্রীর স্নায়বিক চাপ আঘাত হানে তাদের কণ্ঠস্বরের ওপর, প্রজেকশনের (প্রক্ষেপণ) ওপর। কিন্তু আমি নিশ্চিত আরও আরও মঞ্চায়নে এসব দুর্বলতাই কেবল আমার কলমের এই কয়েক শ শব্দের মধ্যে আবদ্ধ থাকবে। বাঁধ নাটকটি হয়তো নতুন করে আবার ভাবিয়ে তুলবে আমাদের বিভক্তির বাঁধ ভেঙে ঐক্যের গান গাইতে।