নাট্য মিলনায়তন আবিষ্কারের আন্দোলন স্তিমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশির দশকে মহিলা সমিতি ও গাইড হাউস মিলনায়তন ঢাকার নাট্যদলগুলোর চাহিদা মেটাতে পারলেও নাট্যদলের সংখ্যা বাড়তে থাকায় মিলনায়তনের অভাব দেখা দেয়। সেই অভাব পূরণে দীর্ঘ সময় পর শিল্পকলা একাডেমীর তিনটি মিলনায়তন নির্মাণ করা হয়। কিন্তু শিল্পকলার হল চালুর পর থেকে এ তিনটি মিলনায়তনকে ঘিরে নাট্যদলগুলোর চাপ বাড়তে থাকে। অন্যদিকে নানা সমস্যার কারণে মহিলা সমিতি মিলনায়তনের নাট্যদলগুলোর আগ্রহ কমে যায়। এর বহু আগে থেকেই সংস্কারের নামে গাইড হাউস বন্ধ হয়ে যায়। মিলনায়তনের সমস্যা দূর করতে ২০০৩ সালের দিকে যখন ফেডারেশনের নেতৃত্বে মামুনুর রশীদ ও লিয়াকত আলী লাকী আসেন, তখন ঢাকার একাধিক জায়গায় নাটকের হল আবিষ্কারের আন্দোলনের সূচনা হয়। সেই সময় মনে করা হয়, এতে একদিকে ঢাকার বিভিন্ন জায়গার দর্শকের নাটক দেখার সুবিধা বাড়বে, অন্যদিকে নতুন নতুন নাট্যদর্শকও বাড়বে, একই সঙ্গে নাট্যদলগুলোর মিলনায়তনের সমস্যাও দূর হবে। পরে ২০০৬ সালের দিকে ম. হামিদ ও ঝুনা চৌধুরীর নেতৃত্বে ফেডারেশনের নতুন কমিটি গঠিত হলে ওই আন্দোলন আরও এগিয়ে নিতে কাজ করেন ফেডারেশনের নেতারা। কিন্তু সেই আন্দোলনের চূড়ান্ত কোনো সফলতা এখনও আসেনি। বরং ঝিমিয়ে গেছে সেই আন্দোলন। অন্যদিকে দিনে দিনে নিয়মিত নাটক করার দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০-এ। শিল্পকলার তিনটি মিলনায়তন ঘিরে নাট্যদলগুলোর বরাদ্দ পেতে নাভিশ্বাস উঠেছে। এতগুলো নাট্যদলকে প্রতি মাসে মিলনায়তন বরাদ্দ দিতে শিল্পকলা একাডেমী হিমশিম খাচ্ছে। প্রতি মাসে কোনো কোনো দল একটি করে বরাদ্দ পেলেও আবার কোনো দল মাসে একটা বরাদ্দও পাচ্ছে না। এ অবস্থায় মিলনায়তন আবিষ্কারের প্রথম উদ্যোক্তা মামুনুর রশীদ কী বলেন? ‘আসলে আমাদের চিন্তাশীলতার অভাবের কারণে হচ্ছে না। সবচেয়ে বড় কথা, পরিবেশ তৈরি করতে হবে। এ মুহূর্তে যাঁরা ফেডারেশনের দায়িত্বে আছেন, সরকারের সহযোগিতায় পরিবেশ তৈরি করে ঢাকার বিভিন্ন জায়গায় শিল্পকলার আদলে থিয়েটার কমপ্লেক্স তৈরি করতে পারেন। পরিবেশ না তৈরি করলে থিয়েটার কমপ্লেক্স নির্মাণ করে কোনো লাভ হবে না। ঢাকা মহানগর নাট্যমঞ্চের মতো দশা হবে।’ তিনি আরও বলেন, মিলনায়তনের অভাব দূর করতে জহির রায়হান কমপ্লেক্সকে আরও কাজে লাগতে হবে। এখানে বছরে একটা করে শুধু উৎসব করলেই হবে না, সেখানে নিয়মিতই নাটক মঞ্চায়নের পরিবেশ তৈরি করতে হবে। ম. হামিদ বলেন, ‘আমি যখন ফেডারেশনের দায়িত্বে ছিলাম, তখন জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তন হয়েছে। মিরপুর টাউন হল ভেঙে যে মার্কেট হচ্ছে, ওখানে নাটকের একটি মিলনায়তন থাকছে। এর ডিজাইনটা আমি দেখে দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘এখন ফেডারেশনের দায়িত্বে যাঁরা আছেন, তাঁরা এই হল আবিষ্কারের আন্দোলনকে আরও এগিয়ে নেবে বলে আমি আশা করি।’এ ব্যাপারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘গত চারদলীয় জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা এই মিলনায়তন আবিষ্কারের আন্দোলন করে কোনো লাভ হয়নি। কেননা সরকার এ ব্যাপারে কোনো সহযোগিতা করেনি। বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার ক্ষমতায় এসেছে। তারা আমাদের কিছুটা হলেও কথা শুনছে। এর মধ্যে মিরপুরের টাউন হল ভেঙে নতুনভাবে তৈরি হচ্ছে। সেখানে নাটক মঞ্চায়ন উপযোগী মিলনায়তন থাকছে। একই সঙ্গে মাদারটেকেও একটি মিলনায়তন হচ্ছে। আশা করছি, উত্তরার বিসিক, ধানমন্ডির নজরুল মঞ্চ ভেঙে নাটক-উপযোগী নতুন মিলনায়তন হবে। এ ছাড়া ধীরে ধীরে গুলশান-বনানীতেও নাটকের মিলনায়তন করা হবে।’