নাট্যকর্মী ও দর্শকের মিলনোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢোলের বোল আর নাট্যপ্রেমীদের নৃত্যে মুখরিত বেইলি রোডের মহিলা সমিতি প্রাঙ্গণ। কেউ সেজেছেন নাটকের সাজে, কেউ নৃত্যের। কারও পরনে নিজ দলের প্রতীক ও নামসংবলিত টি-শার্ট, ফতুয়া। কারও টি-শার্ট বা ফতুয়ায় লেখা—‘জয় হোক নাটকের, জয় হোক মানবতার’, কারওটিতে লেখা বিশ্ব নাট্য দিবসের এবারের স্লোগান—‘মানবতার কল্যাণে থিয়েটার’। অনেকেই পরেছেন নানা রং আর রূপের মুখোশ। কেউ কেউ মনের মতো রং মাখিয়ে নিজের মুখটাকেই পরিণত করেছেন মুখোশে। নানা রং ও আকৃতির বেলুন আর স্লোগানসংবলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল অনেকের হাতে। এঁরা সবাই নাট্যশিল্পী, নাট্যকর্মী, নাট্যদর্শক; সর্বোপরি নাট্যপ্রেমী। গতকাল রোববার বিশ্ব নাট্য দিবসে নাটককে ভালোবেসে তাঁরা সমবেত হয়েছিলেন দিনটি উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচিতে যোগ দিতে। আনন্দ শোভাযাত্রাসহ এদিন নাট্যপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি সম্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল মঞ্চনাটকের প্রদর্শনীও। যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আইআইটি বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদ।বিকেল চারটায় মহিলা সমিতি থেকে শুরু হওয়া শোভাযাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় সাড়ে চারটায়। এরপর সেখানে নাট্যপ্রেমীর সংখ্যা বাড়তে থাকে। সাড়ে পাঁচটায় শুরু হয় প্রীতি সম্মিলনী। এ পর্বে নাট্যপ্রেমীরা ছোট ছোট দলে আড্ডায় মাতেন, কুশল বিনিময় করেন, নাটকের নানা দিক নিয়ে কথা বলেন। নাট্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পর্বটি পরিণত হয়েছিল নাট্যকর্মীদের মিলনোৎসবে। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আতাউর রহমানের সভাপতিত্বে বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা দেন হাসান আজিজুল হক। আলোচনায় অংশ নেন কামাল লোহানী, মামুনুর রশীদ, লিয়াকত আলী, সারা আরা মাহমুদ, ঝুনা চৌধুরী ও কামাল বায়েজিত। এ পর্বের শুরুতে বিশ্ব নাট্য দিবস সম্মাননা প্রদান করা হয় মহিলা সমিতিকে।উগান্ডার অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক জেসিকা কাওয়া রচিত বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন লাকী ইনাম। বাণীতে বলা হয়, ‘আমরা সবাই যেসব মূল্যবোধ পোষণ করি এবং যার লঙ্গনের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত, থিয়েটার সেসব ধারণা প্রসার ও জোরদারকরণে পরীক্ষিত উপায় হিসেবে স্বীকৃত।’এরপর নাট্যকর্মীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে রবীন্দ্রনাথের নাটক কর্ণ কুন্তি সংবাদ। এর নির্দেশনা দেন আতাউর রহমান।