সকালে যে আয়োজনটি শুরু হয়েছিল কর্মশালা আর সেমিনারের ভারী আলোচনা দিয়ে, বিকেলে তা শেষ হয় প্রাণবন্ত নিরেট আড্ডা দিয়ে। মাঝে ছিল শোভাযাত্রা। তবে সব ছাপিয়ে সন্ধ্যার জমজমাট আড্ডাটি নাট্যকর্মীদের জন্য স্মরণীয় হয়ে থাকল। মঞ্চে একের পর এক এলেন নাটক-অন্তঃপ্রাণ মানুষ, দল বেঁধে আড্ডা জমালেন আর মিলনায়তন ভর্তি দর্শক মনভরে তা উপভোগ করল। হাসি আর করতালির আওয়াজে একাকার হয়ে উঠল জাতীয় নাট্যশালার আড্ডা।
শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে লেকচার ওয়ার্কশপের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার দিবস উদ্যাপনের কার্যক্রম। ১৯৮০ সালের এই দিনে গঠিত হয়েছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে দেড় শতাধিক নাট্যকার ও নির্দেশক অংশগ্রহণ করেন এই লেকচার ওয়ার্কশপে। লেকচার ওয়ার্কশপে ভাষা আন্দোলন, যুদ্ধাপরাধীর বিচার, সাইবার ক্রাইম ও সামাজিক অবক্ষয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোস্তফা জব্বার, নাট্যজন মামুনুর রশীদ ও বিশ্বজিৎ ঘোষ। আরও উপস্থিত ছিলেন ইনামুল হক, ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামানসহ ফেডারেশনের নেতারা।
লেকচার ওয়ার্কশপ শেষে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এরপর সাংস্কৃতিক কার্যক্রমে পরিবেশিত হয় নাচ, গান ও আবৃত্তি।
সবশেষে ছিল আড্ডা। নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ছয়টায়, কিন্তু নবীন-প্রবীণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আড্ডা শুরু হয় আগেভাগেই। কে ছিলেন না এই আড্ডায়? আতাউর রহমান, মামুনুর রশীদ, কেরামত মাওলা, ম হামিদ, লিয়াকত আলী, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, তারিক আনাম খান, দেবপ্রসাদ দেবনাথ, রোকেয়া রফিকসহ অসংখ্য নাট্যজন। আড্ডায় স্বাধীনতা-উত্তর বাংলাদেশের থিয়েটার চর্চায় নানা বিষয় উঠে আসে। তবে ইতিহাসের দিকে না গিয়ে নাট্যজনেরা যেন মজার মজার স্মৃতিচারণায় ছিলেন বেশি স্বচ্ছন্দ। দেশ-বিদেশে মঞ্চে অভিনয় করতে গিয়ে নানা মজার ঘটনা থেকে শুরু করে রাজপথে আন্দোলন করতে গিয়ে মজার নানা ঘটনাও উঠে এসেছে আড্ডায়। মঞ্চে বড়দের কথা শুনে দর্শকসারিতে থাকা তরুণ নাট্যকর্মীরা যেমন হেসে লুটোপুটি খেয়েছেন, তেমনি সংবাদকর্মীরাও যেন ফিরতে চাইছিলেন না অফিসে। একজন সাংবাদিক নাট্যশালা থেকে বের হতে হতে বলছিলেন, অনেক দিন পর একটা মজার অ্যাসাইনমেন্ট পেলাম!’