নাট্যকর্মীদের মিলনমেলা
এ বড় পুরোনো স্মৃতি! মহিলা সমিতি প্রাঙ্গণে কত দিন বসে আড্ডা মারা হয়নি, কুটকাট শব্দে বাদামের খোসা ছাড়ানোর অভ্যাসটাও যেন হারিয়ে যেতে বসেছিল। নাটক আর নাটক...গল্পে-তর্কে কখন যে বাদাম ভেবে খোসাটাই অবলীয় মুখে পুরানো হয়েছে, তা তর্কের সাগরে ডুবে ভুলেই গেছে কেউ কেউ। এই আঙিনায় এলেই থিয়েটার, নাটক নিয়ে নাট্যকর্মীদের প্রাণের কথা মনে এসে যায়। আর সেই আঙিনায় প্রাণের স্পন্দনই জেগে উঠেছিল ২৭ মার্চ। এদিন বিশ্ব নাট্য দিবসে আনুষ্ঠানিকতার প্রারম্ভটা তো প্রিয় মহিলা সমিতির প্রাঙ্গণ থেকেই শুরু হয়। মহিলা সমিতি থেকে বেরিয়ে জাতীয় নাট্যশালায় থিয়েটারের কার্যক্রম এগিয়ে যাওয়ার কারণে এখন বেইলি রোডের মহিলা সমিতির আঙিনায় নাট্যকর্মীদের যাওয়া-আসায় ভাটা পড়েছে। কিন্তু প্রিয় এই চত্বর চিরকালই নাট্যকর্মীদের মনে দাগ কেটে যাবে। বিশ্ব নাট্য দিবসের শোভাযাত্রায় যোগ দিতে আসা তুহিন, শান্তা, সোনিয়ার মুখে এরই বহিঃপ্রকাশ। ‘একটা সময় দলের নাটক না থাকলেও প্রতিদিনই সন্ধ্যার পর মহিলা সমিতিতে না এলে ভালো লাগত না। কিন্তু মহিলা সমিতি থেকে জাতীয় নাট্যশালায় নাটক চলে গেলে এখন সেভাবে আর এখানে আসা হয় না। মিলনায়তনটির অব্যবস্থাপনার কারণে নাট্যদলগুলোও এখানে নাটক পরিবেশন করতে আসে না। দর্শকও কমে গেছে। জমে গেছে জাতীয় নাট্যশালা।’ বললেন শান্তা। কিন্তু সোনিয়ার মুখে বেইলি রোডের এই নাটকের আঙিনার নস্টালজিয়া যেন আরও গভীরে। তিনি বললেন, ‘মঞ্চনাটক মানেই নাটক সরণি বেইলি রোড আর মহিলা সমিতি। এক অঙ্গে জড়িয়ে আছে সবগুলো। শুধু নাটকই না, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাটক সরণির ধারজুড়ে সৃজনশীল আড্ডায় মেতে থাকত নাট্যকর্মী আর দর্শক।’ এদিকে ততক্ষণে ঘড়ির কাঁটা বিকেল পাঁচটার ঘরে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দলের নাট্যকর্মীদের আগমনে ভরে গেছে পুরো আঙিনা। শুরু হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। গুরু নাট্যজনদের নেতৃত্বে শত শত নাট্যকর্মী শোভাযাত্রায় অংশ নেন। নাটক সরণি থেকে বেরিয়ে রাজপথ ধরে শোভাযাত্রাটি এগোতে থাকে। গন্তব্য, শিল্পকলার জাতীয় নাট্যশালা। ঢোলের বাদ্য আর নৃত্যের তালে তালে নাট্যকর্মীরা একাকার হয়ে যান। মুখে মুখে ধ্বনিত হয় ‘জয় হোক নাটকের, জয় হোক মানবতার’। কারও মুখে মুখোশ, কারও শরীরে নাটকের পোশাক, হাতে হাতে প্ল্যাকার্ড। নাচ, গান আর স্লোগানে পথচারীরাও যেন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। একটা সময় শোভাযাত্রা গিয়ে শেষ হয় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানেও কিছুক্ষণের জন্য নাট্যকর্মীরা এক জায়গায় জড়ো হয়ে নাটকের গান আর নৃত্যের তালে আরও একবার জেগে ওঠেন। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় নাট্যকর্মীদের প্রীতি সম্মিলনী। প্রীতি সম্মিলনী শেষ হলে মূল মিলনায়তনে বিশ্ব নাট্য দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কামাল লোহানী, মামুনুর রশীদ, সারা আরা মাহমুদ, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকী, কামাল বায়েজীদ প্রমুখ। তার আগে উগান্ডার অভিনেত্রী, নির্দেশক জেসিকা কাওয়ার লেখা বিশ্ব নাট্য দিবসের বাণী ‘মানবতার কল্যাণে থিয়েটার’ পড়ে শোনান লাকী ইনাম। পরপরই বিশ্ব নাট্য দিবসের পদক প্রদান করা হয়। এবার পদক পেয়েছে মহিলা সমিতি। মঞ্চে উপবিষ্ট নাট্যজনদের হাত থেকে পদক নেন মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ। বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা দেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। তাঁর বক্তৃতায় ওঠে আসে, থিয়েটার যেকোনো দেশের পরিমাপক হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন, ‘পৃথিবীর উন্নত দেশগুলোতে সরকার থিয়েটারকে উঁচু জায়গায় নিয়ে রেখেছে। থিয়েটারচর্চাকে আরও বেগবান করতে সব রকমের সহযোগিতায় করে যাচ্ছে। সে ক্ষেত্রে আমি বলব, বাংলাদেশের থিয়েটার পিছিয়ে নেই। আমাদের নাটকও এখন আন্তর্জাতিক মানের।’ তিনি বলেন, ‘আমি একসময় বগুড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, ঢাকা—সব জায়গাতেই নাটক দেখেছি। তখন এত দল ছিল না। নাটকও এত বেশি হতো না। এখন দল ও নাটকের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা এখন পৃথিবীর যেকোনো দেশের নাটকের সঙ্গে অনায়াসেই প্রতিযোগিতায় যেতে পারি। এই থিয়েটারের চর্চা, নাটক সারা পৃথিবীর মানবতাবাদী মানুষকে এক পতাকার নিচে নিয়ে আসবে। ধ্বংস, অনাচার, অত্যাচার, রাহাজানি মুছে যাবে পৃথিবী থেকে।’ অনুষ্ঠানে নাট্যকর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নাচ ও গান পরিবেশন করা হয়। সবশেষে আতাউর রহমানের নির্দেশনায় নাগরিক নাট্যসম্প্রদায় পরিবেশন করে কর্ণকুন্তি সংবাদ নাটকটি। বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠান আয়োজন করে যৌথভাবে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ পথনাটক পরিষদ।