নাট্যকর্মীদের সম্মানী দিচ্ছে প্রাঙ্গণেমোর
প্রাঙ্গণেমোর এখন থেকে তাদের প্রতিটি প্রদর্শনী শেষে ওই নাটকের সঙ্গে সম্পৃক্ত অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়মিত সম্মানী দেবে। ঢাকায় দলের নতুন নাটক শেষের কবিতার প্রথম প্রদর্শনী হয় গত ১৭ সেপ্টেম্বর। ওই দিন প্রদর্শনী শেষে নাটকটির নির্দেশক নূনা আফরোজ শেষের কবিতার সঙ্গে সংশ্লিষ্টদের হাতে সম্মানীর টাকা তুলে দেন। ২৭ আগস্ট শেষের কবিতার প্রদর্শনী হয় ভারতের শান্তিনিকেতনে। জানা গেছে, ওই দিন প্রদর্শনী শেষে সদস্যদের সর্বনিম্ন ৫০০ রুপি থেকে সর্বোচ্চ ১১০০ রুপি করে দেওয়া হয়। এ ক্ষেত্রে জ্যেষ্ঠতা অনুযায়ী সম্মানী দেওয়া হয়েছে।প্রাঙ্গণেমোরের প্রধান অনন্ত হিরা জানান, দলের নাট্যকর্মীদের মধ্যে পেশাদার থিয়েটার চর্চার মনোভাব তৈরির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া। তার পরও শেষের কবিতার প্রদর্শনীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ছিল কানায় কানায় পূর্ণ।