নাট্যকলা বিভাগের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ হিসেবে নাট্যকলা স্নাতক সমাপনী শিক্ষার্থীদের নির্দেশিত নাটক নিয়ে গতকাল নাটমণ্ডলে আট দিনের নাট্যোৎসব শুরু হয়েছে। আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় উৎসবটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উৎসবে স্থান পেয়েছে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিখ্যাত নাট্যকারদের ১৫টি নাটক। প্রতিদিনই দুটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে। উদ্বোধনী হিসেবে মঞ্চায়ন হয় চার্লস এল মি জুনিয়রের লেখা মিথুন চৌধুরীর নির্দেশনায় কনস্তন্তিনোপল স্মিথ নাটকটি। এর পর পরই পরিবেশন করা হয় হ্যারল্ড পিটারের লেখা ফারজানা আক্তার চৌধুরীর নির্দেশনায় ল্যান্ডস্কেপ নাটকটি। আজ দেখা যাবে গোলাম রব্বানীর পারগেটরি, আফসানা সিদ্দীকির প্লে। ১৩ আগস্ট থাকছে মহসিনা আক্তারের ক্র্যাপ’স লাস্ট টেপ ও শারমিন সুলতান মুনমুনের ভিক্টোরিয়া স্টেশন। শাম্মী আক্তারের নির্দেশনায় লেডি আওই, তৌকীর আহমেদের নির্দেশনায় দ্য বক্স ১৪ আগস্ট মঞ্চস্থ হবে। ১৫ আগস্ট মঞ্চস্থ হবে সান্দ্রা নন্দিনী বালার বিফোর ব্রেকফাস্ট ও জুলহাস মিয়ার ওরা এভাবেই হুল ফোটায়। ১৬ আগস্ট মঞ্চস্থ হবে তাসমিয়া জাহানের ডেথ লিস্ট অবলম্বনে ইশি চা আর ফারহানা খানমের নির্দেশনায় রকাবাই নাটকটি। উৎসবের সপ্তম দিন থাকছে প্রীতি এলিজাবেথ রোজারিওর নির্দেশনায় দ্য রেসপেক্ট্যাবল প্রসটিটিউট ও আফজাল কবীরের দ্য লিডার নাটকটি। উৎসবের শেষ দিন থাকছে একটি নাটক। এদিন মঞ্চস্থ হবে কর্নেলকে কেউ চিঠি লেখে না। উপন্যাসের নাট্যরূপ থেকে এটি নির্দেশনা দিয়েছেন অমিতাভ রায়।