নাট্যকার ও পরিচালক অপূর্ব
নাটক কিংবা টেলিছবির কাহিনিকার হিসেবে অপূর্বর কথা অনেকেরই জানা। এবার তিনি নিজেই নাট্যকার, আর তা পরিচালনাও করবেন তিনি। টেলিছবির নাম ব্যাকডেটেড। অপূর্ব তা তৈরি করবেন নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান এ এস আই এন্টারটেইনমেন্ট লি. থেকে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানের বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা পরিচালক অপূর্ব। অপূর্ব বললেন, ‘পরিচালনা করব—এমনটা অনেক আগে থেকেই পরিকল্পনার মধ্যে ছিল। ফেরদৌস হাসান, শিহাব শাহীন আর চয়নিকা চৌধুরীর নাটকে অভিনয় করতে করতে পরিচালনার কাজটাও শিখেছি। বলতে পারেন, তাঁদের কাছেই আমার পরিচালনার হাতেখড়ি, তাঁদের উৎসাহেই আমার আগ্রহটা বেড়েছে। এবার নিজেই পরিচালনা করব, ভাবতেই ভালো লাগছে।’অপূর্ব জানালেন, টেলিছবিটি তিনি তৈরি করবেন কোরবানির ঈদের জন্য। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। বললেন, ‘রোজার ঈদে চাচ্ছি না, তাহলে একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। একটু সময় নিয়ে করতে চাচ্ছি।’