নাট্যকারের জীবনের নাটক ‘প্রিজন’
মিলনায়তনে পিনপতন নীরবতা। মঞ্চের ঠিক মাঝখানে আলো পড়ল। সাদামাটাভাবে তৈরি মঞ্চ। সাজসজ্জা দেখে বুঝতে পারা যায়, এটি একটি কয়েদখানার ভেতরের দৃশ্য। কয়েদখানায় একজন নারী ঘুমিয়ে আছেন। তাঁর ঘুম ভাঙে। শুরু হয় নাটক। বন্দী নারীকে ঘিরে এগিয়ে যায় নাটক প্রিজন। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল মঙ্গলবার মঞ্চস্থ হয় নরওয়ের বিভাস ন্যাশনাল সামি থিয়েটারের নাটক গিদ্দাগাসাস বা প্রিজন। গ্রিক নাট্যকার লিয়া কারাভিয়ার লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু। প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন নরওয়ে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন সিরা এলভিস। বিশেষ অতিথি ছিলেন কামাল লোহানী ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। নাটকটি পরিবেশিত হয় নরওয়ের আঞ্চলিক সামি ভাষায়। দর্শকের সুবিধার্থে ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয় মঞ্চের বিভিন্ন স্থানে। লিয়া কারাভিয়ার প্রিজন নাটকটি তাঁর নিজের জীবনকে ভিত্তি করে রচিত। একটি চরিত্র নিয়ে এগিয়ে গেছে পুরো নাটক। নাটকটি ‘নিনা’ নামের একজন নারীর স্বগতোক্তি, যিনি তাঁর ভাবাদর্শ অনুসারে কারাগারের মধ্যে রয়েছেন। তিনি আপস করতে চান না। কঠিন পরিস্থিতিতেও নিজ ভাবাদর্শের প্রতি বিশ্বস্ত থাকতে গিয়ে নিজস্ব পথ বেছে নিয়েছেন। কিন্তু নিজের মর্যাদা বজায় রাখার জন্য এবং শরীর ও মনকে শক্তিশালী করে তোলার জন্য তিনি একের পর এক কৌশল উদ্ভাবন করতে থাকেন। একপর্যায়ে ক্ষমতাসীনদের বলে ওঠেন, ‘তোমরা আমাকে চিরদিনের জন্য আটকে রাখতে পারো, কিন্তু আমার মন? সে তো ছুটে চলে, ঘুরে বেড়ায়, উড়ে যায়।’ নাটকটি প্রকৃত অর্থেই আন্তর্জাতিক, এর কোনো ভৌগোলিক সীমারেখা নেই। নাটকের মূল বক্তব্য: জনগোষ্ঠী, জাতিসত্তা ও সামাজিক অবস্থান-নির্বিশেষে প্রত্যেকটি মানুষই সমান, প্রত্যেকের রয়েছে সম-অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনধারণের যোগ্যতা, যা আমাদের এই সমকালীন সমাজের ক্ষেত্রে প্রাসঙ্গিক ও সর্বজনীন। নাটকটিতে অভিনয় করেছেন আনিতা সুইকারি। আনিতা সুইকারির রয়েছে অভিনেত্রী ও মঞ্চনির্দেশক হিসেবে নরওয়ে ও সুইডেনে অনেক বছরের অভিজ্ঞতা। তিনি কাওটোকেইনোর সামি ইউনিভার্সিটি কলেজে নাট্য বিষয়েও শিক্ষকতা করেছেন। একাত্তরের আকাশ সৈনিকএকাত্তরের মুক্তিযুদ্ধে অনেকের সঙ্গে বাংলাদেশের আকাশসৈনিকেরাও অংশ নিয়েছিলেন। নিজেদের মতো করে তাঁরা হামলা করেছিলেন শত্রুদের। গতকাল সেসব উত্তাল দিনের দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণা করলেন সেই আকাশসৈনিকেরা। বিকেলে ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে ‘একাত্তরের আকাশ সৈনিক’ শিরোনামে স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করে একাত্তরের যাত্রী। অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর উত্তম ও ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী, মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। তিনি আকাশসৈনিকদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে বললেন, ‘তাঁরা যে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন, জাতি তার জন্য গর্ব করবে। আমাদের নতুন প্রজন্ম বৈমানিকদের অবদান জানতে পারলে এটাই জানবে যে প্রয়োজন হলে এ জাতি কত অসীম সাহস দেখাতে পারে।’ অনুষ্ঠানে আয়োজক-সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন হাবীব সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ডা. খালেদ শামসুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ সময় স্লাইড শোর মাধ্যমে মুক্তিযোদ্ধা বৈমানিকদের তৎপরতা ও যুদ্ধস্মারক প্রদর্শন করা হয়। রবীন্দ্র সার্ধশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনাবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার বিশেষ প্রস্তুতি নিয়েছে। এই কর্মসূচির আওতায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর রবীন্দ্রনাথের ওপর বিশেষ প্রকাশনার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানের সিনিয়র সম্পাদক ড. মোহাম্মদ হাননান জানিয়েছেন, প্রতিষ্ঠানটি সচিত্র বাংলাদেশ, নবারুণ এবং বাংলাদেশ কোয়ার্টারলি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।