নাট্যকেন্দ্রের দুই যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল নাট্যকেন্দ্রের দুই যুগ পূর্তি অনুষ্ঠানে দলের জনপ্রিয় নাটক বিচ্ছুর একটি দৃশ্য পরিবেশন করেন তারিক আনাম খান ও ঝুনা চৌধুরী l প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল নাট্যকেন্দ্রের দুই যুগ পূর্তি অনুষ্ঠানে দলের জনপ্রিয় নাটক বিচ্ছুর একটি দৃশ্য পরিবেশন করেন তারিক আনাম খান ও ঝুনা চৌধুরী l প্রথম আলো

স্থাপনাশিল্প প্রদর্শনী না কি নাট্যোৎসব? গতকাল শুক্রবার বিকেলে জাতীয় নাট্যশালার করিডরে দাঁড়িয়ে একটু হলেও এমন চিন্তায় পড়েছিলেন দর্শক। কারণ করিডরে রয়েছে নান্দনিক প্রদর্শনী। প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন নাটকে ব্যবহৃত পোশাক, প্রপস, পোস্টারসহ নানা অনুষঙ্গ। দর্শক বেশ আগ্রহ নিয়েই দেখছিলেন সেগুলো। কেউ কেউ পাশে দাঁড়িয়ে ছবিও তুলছিলেন। ভেতর থেকে নির্ধারিত সংকেত (বেল) বেজে উঠতেই অনেকে ঢুকে গেলেন মিলনায়তনে। মিলনায়তনের প্রদর্শনী ছিল আরও মুগ্ধ করার মতো।
নাটকের দল নাট্যকেন্দ্রের দুই যুগপূর্তির অনুষ্ঠানে দেখা মিলল এমন প্রদর্শনীর। নাট্যচর্চার দুই যুগপূর্তি উপলক্ষে ‘মুক্ত বায়ুর সতেজ পরিচর্যায় অজস্র প্রাণ স্পদনে বেড়ে উঠব আমরা’ স্লোগান নিয়ে গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুরু হয়েছে দলের দুই দিনের নাট্য প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানের নানা সময়ে ছিল নাট্যকেন্দ্রের ১২টি প্রযোজনার মধ্যে থেকে নাটকের গানগুলো নিয়ে বিশেষ পরিবেশনা। পরিবেশনার ফাঁকে ফাঁকে ছিল স্মৃতিচারণা, এমনকি প্রযোজনাগুলোর উল্লেখযোগ্য অংশের পাঠ্যাভিনয়। শেষে ছিল দুই যে ছিল এক চাকর নাটকের প্রদর্শনী।
অনুষ্ঠানের শুরুতে একজন নাট্যকর্মী মঞ্চের মাঝখানে রাখা একটি ঢোলে আওয়াজ তোলেন। পুরোনো দিনের যুদ্ধ শুরুর আহ্বানের মতোই সে আওয়াজ মিলনায়তনের চার দেয়ালে প্রতিধ্বনি তুলল। ওই আওয়াজ এবং করতালি আর নানা বাদনের মধ্যে তারিক আনাম খান, ঝুনা চৌধুরী প্রমুখের নেতৃত্বে নাটকর্মীরা মঞ্চে এসে দাঁড়ান। শুরুতে সমবেতভাবে তাঁরা গেয়ে উঠেন ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি। দলের অন্যতম প্রতিষ্ঠাতা তারিক আনাম খান দর্শকদের শোনান প্রতিষ্ঠার শুরুর দিনের কথা।
প্রথমে বিচ্ছু নাটকের একটি অংশ পরিবেশন করেন তারিক আনাম খান ও ঝুনা চৌধুরী। বিচ্ছু নাটকের গল্পে বখে যাওয়া ছেলেকে নিয়ে চিন্তিত বাবার সঙ্গে সমবয়সী আরেকজনের কথোপকথন হাস্যরসে ভরপুর। এরপর পালাক্রমে চলতে থাকে শুরু থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন নাটকের কোলাজ পরিবেশনা। কখনো গান, কখনো সংলাপে নস্টালজিক হয়ে পড়েন মঞ্চে থাকা দলের কর্মীরা, এমনকি দর্শকেরাও—যাঁরা আগে দেখেছেন নাটকগুলো। নতুন দর্শকের জন্য বাড়তি পাওনা ছিল এটি। উদ্বোধনের এ অংশটি দর্শকের জন্য উন্মুক্ত ছিল। পরিবেশনা শেষে আয়োজকদের অনুরোধে মিলনায়তন থেকে বেরিয়ে পড়তে হয় দর্শকদের। পরে টিকিট কেটে আগ্রহী দর্শকেরা আবার আসেন মিলনায়তনে দুই যে ছিল এক চাকর নাটকটি দেখার জন্য।
আজ শনিবার দ্বিতীয় দিন বিকেল চারটায় শিল্পকলা একাডেমীর চত্বরে থাকবে টাঙ্গাইলের বাসলিয়া ভাদাইম্যা সঙ দলের পরিবেশনায় সঙযাত্রা। এ পরিবেশনাটি সবার জন্য উন্মুক্ত। এরপর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে দুই যে ছিল এক চাকর নাটকটি।