নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যকেন্দ্রের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
নাট্যকেন্দ্রের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

আরে! তৌকীর আহমেদ, জাহিদ হাসান, মোশাররফ করিম—একসঙ্গে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে!
উপলক্ষটা যাঁরা জানেন না, তাঁদের জন্য এ এক বিস্ময় বৈকি! একসময় এঁরাই মঞ্চ মাতাতেন নাট্যকেন্দ্রের কর্মী হয়ে। রোববার দলটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীই তাঁদের টেনে এনেছে এখানে। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাটক আর সেলফিতে জমজমাট ছিল এই মিলনমেলা। দলের প্রতিষ্ঠাতা থেকে নবীনতম সদস্যরাও শামিল ছিলেন এ আসরে। গতকাল বিকেল থেকেই বসেছিল এই আসর।
দলের নবীন সদস্যদের কেউ দেয়ালে পোস্টার লাগাচ্ছে, কেউ প্রদীপ সাজাতে ব্যস্ত। ফুলের পাপড়ি দিয়ে লেখা হয় ‘২৫’ এবং দলের লোগো। একটু পরপর সফল সেলফি তোলার উল্লাস। প্রতিষ্ঠাতা সদস্য তারিক আনাম খান, ঝুনা চৌধুরী তদারক করছেন এদিক-ওদিক ঘুরে। এরই মাঝে নামল সন্ধ্যা।
নাট্যকর্মীরা জড়ো হলেন খোলা আঙিনার এক কোণে। দলটিকে শুভেচ্ছা জানাতে সেখানে ছিলেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, গোলাম কুদ্দুছ, আহমেদ গিয়াস প্রমুখ। দলের কর্মীদের সঙ্গে মিলে অতিথিরা জ্বালালেন প্রদীপ। স্লোগান দিচ্ছিলেন দলের সবাই, ‘নাট্যকেন্দ্রের ২৫ বছর আজ আনন্দ ধরে না...’।
মূল আয়োজন ভেতরে, স্টুডিও থিয়েটারে। অন্ধকার মঞ্চের মাঝখানে আবার দেখা গেল তারিক আনাম খান, ঝুনা চৌধুরী আর তৌকীর আহমেদকে।
তিনজন জানালেন দল গঠনের ইতিহাস। ১৯৯০ সালের ১১ অক্টোবর ছিল অর্ধদিবস হরতাল, একদিন আগেই শহীদ হয়েছেন জিহাদ। সব প্রতিকূলতা উপেক্ষা করে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে সেদিন নতুন সদস্যরা জ্বলন্ত প্রদীপ নিয়ে মঞ্চে উঠেছিলেন। ঠিক ওই দিনটির মতো ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির সঙ্গে প্রথম ব্যাচ থেকে পর্যায়ক্রমে আসেন দলের ১১তম ব্যাচের সদস্যরা। প্রদীপ জ্বলল সবার হাতে। সঙ্গে থাকল দলের তিনটি প্রযোজনা হয়বদন, আরজ চরিতামৃত ও ডালিম কুমার নাটকের বেশ কিছু গান।
শুরুর ইতিহাস তুলে ধরে তারিক আনাম খান বলেন, ‘নিজেদের ইচ্ছে, ভালো লাগা ও মত-বিশ্বাসের মেলবন্ধনে থিয়েটার করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল আমাদের। আমাদের প্রতিষ্ঠার সময়টা ছিল উত্তাল। আমাদের জীবনটাও ছিল সংগ্রামের। কিন্তু আমাদের বুকে ছিল প্রত্যয়।’
ঝুনা চৌধুরী বলেন, ‘এই যে আজ প্রথম আলো আমার সঙ্গে কথা বলছে, আমার এই পরিচিতি নাট্যকেন্দ্রর জন্যই।’
তৌকীর আহমেদ বলেন, ‘৮৫ থেকে ৯০ অন্য দলে কাজ করেছিলাম। অনেক স্বপ্ন নিয়ে ১৯৯০ সালে গড়ে তুলি নাট্যকেন্দ্র। আমার জীবনের বেড়ে ওঠায় স্কুল হিসেবে কাজ করেছে এই দলটি।’ জাহিদ হাসান স্মরণ করলেন পুরোনো দিনের কথা, ‘আমি তো মনে করি নাট্যকেন্দ্র না হলে আজকে আমি এ জায়গায় আসতে পারতাম না। নাট্যকেন্দ্রর বিচ্ছু নাটকটা আমাকে পরিচিতি দিয়েছিল।’
মোশাররফ করিম বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি তৈরি হয়েছি এই দলের মাধ্যমে।’
সব শেষে মঞ্চস্থ হয় নাট্যকেন্দ্রের নতুন দুই নাটক বন্দুকযুদ্ধ ও গাধারহাট। বাইরে করিডরে, গ্রিনরুমে তখনো চলছিল আড্ডা।