নাট্যগুরুকে শ্রদ্ধার্ঘ্য

অ্যালবিকে আমেরিকান নাটকের মশাল বাহক বললে কি ভুল হবে? ধরা হয়, মার্কিন নাট্যকার ইউজিন ওনীলের পরের আসনটিই তাঁর। ওগাস্ট উইলসন, আর্থার মিলার আর টেনেসি উইলিয়ামসের সঙ্গেও তাঁকে তুলনা করা চলে। তিন বার পুলিৎজার ও নাটকের পুরস্কার টনি অ্যাওয়ার্ড পেয়েছেন এডওয়ার্ড অ্যালবি। গত শুক্রবার পৃথিবী হারিয়েছে নাটকের এই আলোকবর্তিকাকে।
ছোট গল্প, কবিতা আর উপন্যাস লিখেছেন অ্যালবি। নাটক না লিখলে তাঁর স্বর অনুচ্চারিতই থেকে যেত। ১৯৫৯ সাল, ‘দ্য জু স্টোরি’-এর মাধ্যমে শুরু হলো তাঁর নাটক লেখা। একাঙ্ক নাটক লিখে রাতারাতি পেয়ে যান জনপ্রিয়তা। তাঁর নাটক হয়ে ওঠে সমসাময়িক আমেরিকার নৈতিক সমালোচক। একে একে লিখে ফেলেন ‘অ্যা ডেলিকেট ব্যালান্স’, ‘সিএস্কেপ’, ‘থ্রি টল উইমেন’-এর মতো নাটক। তাঁর লেখা ‘হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উলফ’ জিতেছিল টনি অ্যাওয়ার্ড। পরে এই নাটকটি নিয়ে বানানো হয় সিনেমা। তাতে অভিনয় করেছিলেন এলিজাবেথ টেলর ও রিচার্ড বার্টন। ‘অ্যা ডেলিকেট ব্যালান্স’, ‘সিএস্কেপ’, ‘থ্রি টল উইমেন’ এর জন্য পান পুলিৎজার পুরস্কার।
অ্যাবসার্ড থিয়েটার করে ইউরোপে পরিচিতি পেয়েছিলেন স্যামুয়েল বেকেট। সেই অ্যাবসার্ড থিয়েটার নিয়ে আমেরিকায় কাজ করেন অ্যালবি এবং পরিচিতি পেয়ে যান বিশ্ব দরবারে। তাঁর নাটকের বিষয় হয়ে দাঁড়ায় মানুষের মনস্তত্ত্ব, বিয়ে ও যৌন সম্পর্ক। নাটক নিয়ে আজীবন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন এই নাট্যগুরু। সেরকমই দুই প্রযোজনা ‘দ্য গোট’ ও ‘হু ইজ সিলভিয়া’।
১৯২৮ সালে অ্যালবির জন্ম আমেরিকার ভার্জিনিয়ায়। বিভিন্ন বেসরকারি স্কুলে লেখাপড়া করেন। কিছুদিন মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পর পড়াশোনা করেন হ্যার্টফোর্ডের ট্রিনিটি কলেজে। চাকরিজীবনে নানা ধরনের কাজ করেছিলেন অ্যালবি। লেখার পদ্ধতি নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতেন এই নাট্যকার। ১৯৯৬ সালে ন্যাশনাল মেডাল অব দি আর্টস-এ ভূষিত হন তিনি। বায়োগ্রাফি