নাট্যগ্রন্থের প্রকাশনা ও নতুন নাটক
গত শতকের পঞ্চাশের দশকের সৃজনশীল একজন মানুষ আনিস চৌধুরী। পেশাগত জীবনে ছিলেন সংবাদপত্র ও বেতারের সাংবাদিক। খ্যাতি অর্জন করেছিলেন উপন্যাস, ছোটগল্প আর নাটক রচনায়। তাঁর ১২টি নাটকের সংকলন আনিস চৌধুরীর নাট্যসংগ্রহ-এর প্রকাশনা অনুষ্ঠান হলো গতকাল শুক্রবার।জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে দর্শককে স্বাগত জানান আনিস চৌধুরীর মেয়ে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। এরপর শিল্পী বুলবুল ইসলাম গেয়ে শোনান ‘ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু’ ও ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’। গান শেষে দেখানো হয় আনিস চৌধুরীকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। তথ্যচিত্রে ছিল তাঁর বিভিন্ন বইয়ের প্রচ্ছদ, বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বক্তৃতার দৃশ্য। আনিস চৌধুরীর মৃত্যু ১৯৯০ সালের ৩ নভেম্বর। তথ্যচিত্রের শেষ দিকে ছিল তাঁর মৃত্যুর দিনে বাংলাদেশ টেলিভিশনের খবর। যে খবরে তুলে ধরা হয় কর্মময় জীবন ও বিটিভিতে প্রচারিত নাটক তবুও অনন্য, গন্তব্যে যাবো-এর খণ্ডাংশ। আলোচনা ও স্মৃতিচারণপর্বে অংশ নেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী কাইয়ুম চৌধুরী, জামিল চৌধুরী প্রমুখ। নতুন নাটকনতুন নির্দেশক ও অভিনয়শিল্পী তৈরির উদ্যোগ নিয়েছে নাট্যদল আরণ্যক। এতে দুই মাস ধরে একসঙ্গে দুটি নিরীক্ষাধর্মী নতুন নাটকের কাজ করেছে দলটি। এতে নতুন প্রজন্মের দুজন নির্দেশনার কাজ করেছেন। এই কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় নতুন নাটক ইতি ইয়োকাস্তে। সফোক্লিসের ইডিপাস অবলম্বনে এর নাট্যনির্মাণ ও নির্দেশনায় ছিলেন দীপক সুমন। আজ শনিবার একই মঞ্চে প্রদর্শিত হবে হ্যামলেট অবলম্বনে টু বি অর নট টু বি। এটির নাট্যনির্মাণ ও নির্দেশনায় আছেন মাসুদুজ্জামান। তাজ উদ্দিন ও ইকবালের যৌথ প্রদর্শনীগুলশানের টিভোলী আর্ট গ্যালারিতে গতকাল শুক্রবার শুরু হয়েছে কানাডা-প্রবাসী শিল্পী তাজ উদ্দিন আহমেদ ও সৈয়দ ইকবালের যৌথ চিত্র প্রদর্শনী। উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির। ১০ দিনব্যাপী এই প্রদর্শনীতে দুই শিল্পীর বিভিন্ন মাধ্যমের আঁকা ৪৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর শিরোনাম ‘ব্যাক টু দ্য রুটস’।দীর্ঘ আট বছর সৈয়দ ইকবাল দেশে কোনো চিত্র প্রদর্শনী করেননি। এর মধ্যে কানাডায় তিনি ছয়টি প্রদর্শনী করেছেন। শিল্পী তাজ উদ্দিন কানাডায় বেশ কিছু দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।