নাট্যচক্রের নতুন নাটক ‘নকশা’
নাট্যচক্রের সর্বশেষ নাটকটি ছিল গোঁয়ার। তাও মঞ্চে এসেছে অনেক দিন আগে। দীর্ঘ বিরতির পর আসছে দলটির নতুন নাটক নকশা। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, বঙ্গ নামের এক যুবক শহরে আসে নানা স্বপ্ন নিয়ে। কিন্তু পরিস্থিতির কারণে স্বার্থান্বেষী মহল গ্রাস করে তাকে। যুবকটি হারিয়ে যায় অন্ধকার পথে। পরিণতিতে কারাভোগ নেমে আসে তার জীবনে। যখন সে নিজের ভুল বুঝতে পারে, তখন অনুভব করে মুক্তিযুদ্ধের চেতনা এবং পারিবারিক মূল্যবোধকে। সমাজের মুখোশধারী মানুষগুলোর ওপর ঘৃণা তৈরি হয়। সমাজের এই হীন চরিত্রের মানুষগুলোর স্বার্থান্বেষী কর্মকাণ্ডের নানা চিত্র নিয়ে নাটকের গল্প।গোলাম সারোয়ার বললেন, ‘নাটকে যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত সময় উপযোগী। দুই-তিন দশক ধরে এই সমস্যাগুলো আমাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশকে প্রবলভাবে অস্থির করে তুলেছে। আশা করছি, নাটকটি দেখে যুবসমাজ নিজেদের সম্পর্কে সজাগ হবে।’নাট্যচক্রের প্রধান ম হামিদ বললেন, ‘নাটকটি সময়ের সঙ্গে পথচলার নির্দেশক হিসেবে কাজ করবে। এখন যুবসমাজ নানাভাবে বিপথগামী হচ্ছে। আশা করছি, নাটকটির মধ্য দিয়ে আমাদের নাট্যচক্রের কর্মীরাও আবার ব্যস্ত হবে।’তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নকশা নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে।