নাট্যতীর্থের নতুন নাটক ‘চলনবিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের সলপ অঞ্চলের জমিদার সত্যেন্দ্রনাথ স্যানাল। ব্রিটিশ শাসন আমলে বর্ধিত রাজস্ব দিতে অপারগ হয়ে চলনের অনেক ছোট জমিদারের মতো তিনিও ডাকাতির পথ বেছে নেন। এক রাতে নৌকা ডাকাতির সময় ভুল করে নিজের মেয়ের জামাইকে খুন করে ফেলে সত্যেন্দ্রনাথের সঙ্গীরা। খুনি ডাকাতকে চিনতে পেরে লজ্জায়, ঘৃণায় স্বামীহারা হৈম জীবন বিসর্জন দিতে ঝাঁপ দেন পানিতে। প্রচলিত কাহিনি নিয়ে রচিত হয়েছে নাট্যতীর্থের নতুন নাটক চলনবিল।শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাট্যতীর্থের নবম মঞ্চ প্রযোজনা চলনবিল। নাটকটি রচনা করেছেন রবিউল আলম এবং নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ। গতকাল ছিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।নাটকে একপর্যায় দেখা যায়, বিলে ঝাঁপ দেওয়া স্বামীহারা হৈমকে জীবিত উদ্ধার করে মাঝি মোহাম্মদ অমর। দীনহীন আশ্রয়ে শুরু হয় হৈমর স্বেচ্ছানির্বাসিত জীবন। একসময় মেয়ের খোঁজ পেয়ে যায় জমিদার সত্যেন্দ্রনাথ স্যানাল। তাঁর কাছ থেকে বাঁচার জন্য আশ্রয়দাতা পরিবারের সবাইকে নিয়ে অজানার উদ্দেশ্যে নৌকা ভাসায় হৈম। চলনবিল নাটকে অভিনয় করেছেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম, শামসুর রহমান, মাহমুদুর রহমান, ইসমাইল আহমেদ, নুরজাহান রহমান প্রমুখ।