নাট্যবৃক্ষ আরও ফলবান হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন যায়, মাস যায়, বছর যায়। পৃথিবীর বয়স বাড়ে, সেই সঙ্গে প্রাণিকুল, বৃক্ষরাজি। মানুষের বয়স বেড়ে যায় বড় দ্রুত। জীবনযাপনের প্রবল চাপে দিশেহারা মানুষ ছুটছে, কোথাও ছুটি নেই। দুই কোটি মানুষের এই শহর, যানজটের শহর, জীবিকার শহর ঢাকায় তবুও কিছু নিবেদিতপ্রাণ মানুষ রঙ্গমঞ্চের রূপতৃষ্ণায় নাট্যচর্চা করে যাচ্ছে। এই চর্চার বা মেলার কোনো বিনিময় নেই। নেই কোনো নিশ্চয়তা। বছর ঘুরলে মেলে না কোনো বাড়তি বেতন। তবুও অপর্যাপ্ত মিলনায়তনের একটি বরাদ্দেই তাদের আনন্দ। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও আরও অনিশ্চয়তা নিয়ে নাটকের সেবাদাসেরা কাজ করে যাচ্ছে অহর্নিশ। এ এক অভাবনীয় নিরন্তর যাত্রা। ২০১০ সালে এই নাট্যবৃক্ষ আরও ফলবান হয়েছে। মঞ্চে এসেছে অনেক নতুন নাটক। নিরীক্ষাধর্মী নাটকেও এসেছে নতুন জোয়ার। এই যাত্রার শুরু শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নিয়ে। নাট্যপত্রিকা থিয়েটারওয়ালার বাহু সম্প্রসারিত হয়ে নাট্যদল (রেপার্টরি) থিয়েটারওয়ালা মঞ্চে নিয়ে এসেছে নাটকটি। শাইযাদ ফেরদৌসের উপন্যাস অবলম্বনে হাসান শাহরিয়ার নাটকটি লিখেছেন। আবুল কালাম আজাদের নির্দেশনায় বিভিন্ন দলের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এ নাটক চলছে সগৌরবে। হাসান শাহরিয়ার আরও লিখেছেন মগজ-সমাচার। নাটকটি সাইদ সুমনের নির্দেশনায় করছে থিয়েটার আর্ট ইউনিট। নিরীক্ষাধর্মী নাটকে আরও এগিয়ে এসেছে আরণ্যক নাট্যদল। আদিপাউসের কাহিনি অবলম্বনে তরুণ নির্দেশক দীপক সুমন করছে ইতি ইয়োকাস্তে। হ্যামলেট-এর কাহিনি অবলম্বনে আবু হালিম মাসুদ করছেন টু বি অর নট টু বি। এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ ছাত্রছাত্রীদের নিয়ে নানা প্রযোজনা নিয়মিতই করে যাচ্ছে। এ বছরই দুজন বাউল সাধককে দুটি নাটক এসেছে মঞ্চে। সুবচন নাট্যদল মঞ্চে এনেছে শাকুর মজিদের রচনা ও সুদীপের নির্দেশনায় মহাজনের নাও। শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে সহজিয়া ভঙ্গিতে উপস্থাপিত এ নাটক দর্শকনন্দিত হচ্ছে। লালনকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসের ছায়া অবলম্বনে ত্রপা মজুমদার মঞ্চে এনেছে বারামখানা। প্রাচ্য-প্রতীচ্যের উপস্থাপনা ভঙ্গিতে এ নাটক নিয়মিত অভিনীত হচ্ছে।দেশ নাটকের প্রাকৃত পুরাঙ্গনা, প্রাঙ্গণে মোরের দ্রোহ প্রেম নারী, আরামবাগ থিয়েটারের জন্মসূত্র, আরণ্যকের শত্রুঘ্ন, পালাকারের বাংলার মাটি বাংলার জল, শব্দ নাট্যচর্চার ঠিকানা, ঢাকা পদাতিকের মাইচো চোরার কিসসা, নাগরিক নাট্যাঙ্গনের পুষি বেড়াল ও একজন প্রকৃত মানুষ, পদাতিক নাট্য সংসদের জন্মান্ধ, নটরণের অমাবস্যার কারা, নাটুকের ঠাকুর ঘরে কে রে, নাট্যপ্রয়াসের নিঃসঙ্গ নিরাশা, সংলাপের বদনাম, নাগরিকের খাসিরাম-কোতোয়াল নাটকগুলোর সুনাম শুনেছি। দেখার অপেক্ষায় রইলাম। এ ছাড়া গত বছরের নাটকগুলোর প্রযোজনা চলছেই। ঢাকার নাট্যচর্চা সেদিক থেকে বলতে গেলে একটা স্বর্ণযুগই অতিক্রম করছে। অনেক ভালো নাটক চলছে একসঙ্গে। প্রতিদিনই তিনটি হলের কোনো এক হলে একটি ভালো নাটক চলছেই। প্রযোজনায় এসেছে নতুন চ্যালেঞ্জ। নাটক রচনা, নির্দেশনা ও ডিজাইনে এসেছে নতুন ভাবনা। এই ভাবনায় নতুন করে উদ্বুদ্ধ হয়েছেন নাট্যকর্মীরা। এর পেছনে রয়েছে শিল্পকলা একাডেমীর তিনটি মঞ্চ। মঞ্চগুলোতে কিছু ত্রুটিবিচ্যুতি থাকলেও ডিজাইনারদের সৃজনশীলতা দিয়ে তাকে ছাপিয়ে ওঠার প্রচেষ্টাও দেখা যায়। নাটকে শুধু গল্প বলার প্রবণতা দিন দিন হারিয়ে যাচ্ছে। বিনিময়ে আসছে উচ্চতর সময়ের সহজিয়া ভাবনা। এই গতিতে যদি নাটক এগিয়ে যায়, তাহলে একটি সমৃদ্ধ নাট্য-ভবিষ্যতের স্বপ্ন পল্লবিত হতে থাকবেই। নাট্য সংস্কৃতিতে উৎসব, সেমিনার, বক্তৃতা ইত্যাদিও গুরুত্বপূর্ণ। ২০১০ সালের শুরুতেই জাতীয় পথ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। সারা দেশের নাট্যদলগুলো এখানে অংশ নিয়ে থাকে। পথনাটক পরিষদের পথ নাট্যোৎসবও এবার দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে। এটাও বাংলাদেশে এক ব্যতিক্রমী ঘটনা। পথনাটক ক্রমাগতই জনপ্রিয় ও সৃজনমুখী হয়ে উঠছে। বছরের শেষে মিরপুরের অপেরা নাট্যদলের একটি পথ নাট্যোৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতায় দেখলাম, বিপুল দর্শক শীতের রাতে উন্মুক্ত মঞ্চে পথনাটক দেখছে। ড্রয়িংরুমের মিডিয়ার আকর্ষণ উপেক্ষা করে দর্শক পথনাটক দেখতে আসে, এতে বাংলাদেশের দর্শক কতটা নাটকমুখী তাই প্রমাণ করে। পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার পথনাটকের প্রতি গভীর অঙ্গীকার এই শিল্পকে অগ্রসর করেছে। এই সঙ্গে সেমিনার ও কর্মশালাও এই শিল্পে নতুন মাত্রা যুক্ত করেছে।বছরের প্রথমে আন্তর্জাতিক ইবসেন উৎসব একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। সিএটি ও শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব ছিল বহুমুখী। বিশাল ছিল এই আয়োজন। দেশি-বিদেশি নির্দেশকদের নতুন ও পুরোনো প্রযোজনাগুলো স্থান পেয়েছিল এ উৎসবে। বিশেষ দ্রষ্টব্য ছিল ব্যাপকসংখ্যক ইবসেনপ্রেমী বিদ্বজ্জনের উপস্থিতি। বাংলাদেশেও বিভিন্ন নির্দেশক ও দলকে নতুন নাটক প্রযোজনার জন্য উৎসাহিত করা হয়েছিল। এ উৎসাহের সঙ্গে অর্থের জোগানও ছিল। উৎসবে অভিনীত বেশ কয়েকটি নাটক এখন বিভিন্ন দলের নিয়মিত প্রযোজনায় স্থান পেয়েছে।আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবারও দ্বিবার্ষিক আন্তর্জাতিক সেমিনার ও আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করে। সেই সঙ্গে যুক্ত ছিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা, তিনটি কর্মশালা। বিষয়বস্তু ছিল আফ্রিকান নাটক, চায়নিজ থিয়েটার ও আলোক পরিকল্পনা। ওয়ার্ল্ড অব থিয়েটার প্রকাশনাটি বাংলাদেশ থেকেই হয়ে আসছে। এই গৌরবজনক প্রকাশনাটির কাজ এরই মধ্যেই শেষ হয়ে গেছে। জানুয়ারিতে তা ছাপাখানা থেকে মুক্তি পাবে। আইটিআই বাংলাদেশের একনিষ্ঠ সংগঠক নিবেদিতপ্রাণ রামেন্দু মজুমদার এখন বিশ্ব আইটিআইয়ের সভাপতি। সারা বছরই তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন। জাপানে, প্যারিসে, চীনে, সাংহাই ও শামেনে বিভিন্ন সভা, সেমিনার ও উৎসবে যোগ দিয়েছেন। এ বছর বিভিন্ন দলও উৎসবের আয়োজন করেছে। পদাতিক নাট্যসংসদের দুটি বাহুও উৎসবের আয়োজন করেছিল। পদাতিক নাট্যসংসদের একটি বাহু শিক্ষাবিদ, শিল্পী বদরউদ্দিন হোসেন সম্মাননা প্রচলন করেছে।গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩০ বছর পূর্তি হলো এবার। এ উপলক্ষে একটি উৎসবের আয়োজন করা হয়। নাট্যাভিনয় ছাড়াও একটি অনুষ্ঠানে স্মারক বক্তৃতা ও একুশে পদকপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। ফেডারেশন বিভাগীয় সম্মেলন, নাট্যোৎসব কর্মশালা ছাড়াও বিভিন্ন সাংগঠনিক কাজে ব্যস্ত থেকেছে। এবারের নারী নাট্যকর্মীদের সমাবেশও একটি নতুন প্রচেষ্টা। ফেডারেশন এবারও সূত্রাপুরে জহির রায়হান নাট্যমঞ্চটিকে চালু করার জন্য উৎসবের আয়োজন করেছে। কিন্তু নিয়মিত মঞ্চায়ন সম্ভব হয়ে উঠছে না। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের আরও কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন। বছরের শেষে ফেডারেশনের একটা বড় সাফল্য মেয়র নাট্যোৎসব। বহুদিন চেষ্টার পর বরিশালেই প্রথম এ উৎসব শুরু হয়। ফেডারেশন নাট্য কর্মকাণ্ডে অন্যান্য দেশের মেয়রদের মতো বাংলাদেশের মেয়রদের অনুপ্রাণিত করার চেষ্টা করে যাচ্ছে। আশা করা যাচ্ছে, অন্যান্য শহরের মেয়ররাও এ উৎসব করে যাবেন। আরও আশার সঞ্চার করে, এক বছর আগে টাঙ্গাইলের প্রয়াত নাট্যকর্মী (একাধারে নির্দেশক, অভিনেতা, সংগঠক) রহমান বক্কুর মৃত্যুবার্ষিকীতে একটি তিন দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। করোনেশন ড্রামাটিক ক্লাবের মঞ্চে তিনটি নাটক, শহীদ মিনারে সাধারণের জন্য উন্মুক্ত মঞ্চে বাউল গান, স্মৃতিচারণা, সেমিনার ও রহমান বক্কু স্মৃতি পদক প্রদান অনুষ্ঠিত হয়। রহমান বক্কু জেলা শহরে থেকেও জাতীয় পর্যায়ের কর্মী ছিলেন। এ উৎসবে ঢাকার দল অভিনয় করে এবং নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিরা যোগ দেন। রহমান বক্কু স্মৃতি পদক পান অভিনেতা খালেদ খান।আবদুল্লাহ আল মামুন, সেলিম আল দীনের অকালপ্রয়াণ এবং সাঈদ আহমেদের মৃত্যুতে নাট্যাঙ্গন বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের স্মরণেও সেমিনার, স্মরণসভা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে সেলিম আল দীন স্মরণে ঢাকা থিয়েটার গ্রাম থিয়েটার বিশেষভাবে আয়োজন করেছে। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে হয়তো আরও কিছু প্রযোজনা, নাট্যঘটনা এখানে বাদ পড়ে যেতে পারে, যার জন্য ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো গতি নেই। এবার ঢাকার বাইরের দিকে দৃষ্টি ফেরানো যাক। রাজধানী ঢাকা শহর যেমন দেশের অন্যান্য শহরকে নিঃস্ব করে নিজে স্ফীত হচ্ছে, তেমনি সংস্কৃতিচর্চা নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও প্রাণকেন্দ্র হয়ে উঠছে ঢাকা। মিডিয়াও অনেক বড় ঘটনাকে তুচ্ছ বলে জ্ঞান করে থাকে। তাই সব সংবাদ মানুষের কাছে পৌঁছায়ও না। নাটকের দ্বিতীয় কর্মযজ্ঞের স্থান চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রামের কাছ থেকে এবার তেমন কোনো বড় সুসংবাদ আমরা শুনিনি। বরং যশোরের বিবর্তনের কর্মকাণ্ড আমাদের আশার সঞ্চার করেছে। বরিশালও জেগে উঠেছে। মেয়র নাট্যোৎসবে বিভিন্ন দলের প্রযোজনা প্রেরণাদায়ক। শব্দাবলীর স্টুডিও থিয়েটারটি জেলা শহরের নাট্যচর্চার এক নতুন উপায় খুঁজে দিয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যচর্চা বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে নানাভাবে বিঘ্নিত হয়। কিন্তু মলয় ভৌমিক ও অনুশীলন নাট্যদল উজান গাঙে নৌকা বেয়ে এখনো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সিলেট একদা একটি শক্তিশালী নাট্যকেন্দ্র ছিল। মাঝখানে তা স্তিমিত হয়ে ছিল। আবার জেগে উঠছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজারকে নিয়ে। একেবারেই পৃষ্ঠপোষকতাহীন, আপাত ভবিষ্যৎহীন ঢাকার বাইরে নাট্যচর্চা দুরূহ, ভীষণ কষ্টের, দুস্তর মরুপথ দিয়ে তার এগিয়ে চলা। সরকার যে মঞ্চ নির্মাণ করেছে, সেগুলো অভিনয় উপযোগী নয়। তাহলে কোথায় হবে অভিনয়? আমি যখন এই লেখা লিখছি, তখন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া মহকুমার একটি থানা শহর মেলাঘরে আমার অবস্থান। আজ রাতে স্থানীয় মঞ্চটিতে আমরা অভিনয় করব। তার সঙ্গে একমাত্র ঢাকার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সঙ্গে তুলনা করা যেতে পারে, যার আসনসংখ্যাও সমান। কোনো মাইক্রোফোন নেই, কিন্তু আস্তে সংলাপ বললেও শেষ পর্যন্ত পৌঁছে যায়। সরকার প্রতিটি থানা শহরেই এমন মঞ্চ নির্মাণ করে দিয়েছে। কিসের আশায়? ভোটের? নাকি লোকশিক্ষার কারণে?২০১০-এ অভিনীত নাটকের তিনটি প্রবণতা বহুদিন ধরেই লক্ষণীয়। একটি শীতল কোরিওগ্রাফিক প্রযোজনা, দ্বিতীয়টি সংলাপবহুল নিরীক্ষাধর্মিতা এবং তৃতীয়টি দেহ আঙ্গিকবহুল নিরীক্ষাধর্মিতা।একসময় অকারণে কোরিওগ্রাফি ও গানের ব্যবহারে আমরা শ্বাসরুদ্ধকর সময় কাটিয়েছি। আবার সংলাপের প্রবল চাপে আমাদের কান বিদ্রোহ করেছে। কখনো নিরীক্ষার নামে দুর্বোধ্যতাও পীড়া দিয়েছে। হাফ টাইমের বেলটা বাজলেই ঊর্ধ্বশ্বাসে পলায়নের পথ খুঁজেছি। কালক্রমে সে অবস্থার বেশ পরিবর্তন হয়েছে। একসময় ব্যক্তিগত আলাপচারিতায় শম্ভু মিত্র বলেছিলেন, ‘নাটক ভালো হলে দর্শক দেখবে।’ এই নাটককে ভালো হতে হলে কী করতে হবে—সেদিন তাঁকে এ প্রশ্ন করার দুঃসাহস হয়নি। পরে অবশ্য তাঁর নানা লেখায় এর জবাব মিলেছে। ভালো নাটক একটা ভাষা পেয়ে যায়। সবটা দর্শক বোঝে না। কিন্তু নাটকটি নিজের মধ্যে সে রচনা করতে থাকে। যে নাটক এই রচনা করতে দেয় না, সে নাটক চলে না। একবার এক নাটকের নির্দেশক উৎপল দত্তকে বলেছিলেন, ‘দাদা, এত পরিশ্রম করে নাটকটি করলাম, কিন্তু দর্শক বুঝল না।’ উৎপল দত্ত অট্টহাসি দিয়ে উত্তর দিয়েছিলেন, ‘তুমি কি মহাভারত-এর চেয়ে কঠিন কিছু লিখে ফেলেছ নাকি, যে মানুষ বোঝে না। যে দেশের মানুষ মহাভারত-এর মতো এত চরিত্র, এত জটিল মনস্তাত্ত্বিক সম্পর্ক, এত ঘটনাপরম্পরা বোঝে, তারা তোমার নাটক বোঝে না? তুমি যা লিখেছ তা বোঝ তো?’ বিব্রত নাট্যকার নিদের্শক লজ্জা পেলেন। আধুনিক বাংলা কবিতায়, চিত্রকলায় একসময় এ সমস্যা হয়েছিল। নাটক কি শুধু ইন্দ্রিয়গ্রাহী বিষয়? বোধের জায়গাটি স্পর্শ করতে না পারলে সে নাটক লোকে দেখবে কেন? আর এই বোধের জায়গাটাকে স্পর্শ করতে হলে নাটকের লোককে মানুষের কাছে যেতে হবে। মুক্ত নাটক দল ও গ্রাম থিয়েটার আমাদের সেই জায়গাটা করে দিয়েছিল। কিন্তু এই আন্দোলনগুলোতে ভাটা পড়াতেই একটা সমস্যা হয়েছে। তবে নাটকের যে উদ্যম দেখতে পাচ্ছি, তাতে মুক্তিযুদ্ধ জড়িয়ে যাচ্ছে। অমানবিক রাষ্ট্রকে মানবিক হওয়ার আহ্বান দেখা যাচ্ছে—এসবই ইতিবাচক।বাংলাদেশের দর্শকও একটা ভাববার বিষয়। সাধারণত নাটকের দর্শকের সিংহভাগ জুড়ে থাকেন পৌঢ়-বৃদ্ধরা। কলকাতা, মুম্বাই, নিউইয়র্ক, লন্ডন, জার্মানি, জাপান, চীনের মঞ্চে তা-ই দেখেছি। কিন্তু বাংলাদেশে দর্শকদের প্রায় ৯০ শতাংশ তরুণ-তরুণী। নাট্যকর্মীদের মধ্যেও তা-ই। এ বছরে এ সংখ্যা আরও বেড়েছে। তাই বাংলাদেশে নাটক তারুণ্যের প্রতিভূ। আগামী বছরগুলোতে এই তারুণ্য আরও বাড়ুক—এই কামনা করি।