নাট্যমঞ্চে পল্লিকবির অমর দুই সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের আলোয় জেগে উঠতে শুরু করেছে চারপাশ। গাঁয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীতে ছোট ছোট ঢেউ। তাতে সদ্য ছড়িয়ে পড়া রোদের ঝিলিমিলি। ছোট একটি ঘর। বাঁশঝাড়। বুড়ো বট। সব মিলিয়ে আবহমান গ্রামবাংলার অনবদ্য পরিবেশ।এরই মধ্যে বালুচরে পড়ে আছে দুটি দেহ। পুরুষ ও নারী। কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছেন তাঁরা। ঘুমজাগা কিছু মানুষ খুঁজে পায় তাঁদের। অশ্রুভারাতুর হয়ে ওঠে পরিবেশ।... তারপর নিভে যায় সব আলো। স্তব্ধ হয়ে ওঠে পুরো দৃশ্যপট। আর করতালিতে মুখর হয়ে ওঠে দর্শকসারি। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তারা দেখছিল কাব্যনাট্য সোজন বাদিয়ার ঘাট-এর মঞ্চায়ন। আর মৃত ওই দুজন হলেন সোজন আর দুলি। পল্লিকবি জসীমউদ্দীনের অমর দুই সৃষ্টি।কবির ১০৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী নাট্যোত্সব। পদাতিক নাট্য সংসদ এবং ভি কেয়ারের আয়োজনে সহযোগিতায় ছিল বাফা (বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস)। ১ জানুয়ারি শুরু হওয়া এ উত্সবের উদ্বোধন করেন কবির ‘আসমানী’ কবিতার বাস্তব চরিত্র আসমানী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্রথমবারের মতো আয়োজিত এ উত্সব তিনি প্রতিবছর আয়োজনের আহ্বান জানান। এখানে আরও উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী, পদাতিক নাট্য সংসদের সহসভাপতি নিহাদ কবির এবং ভি কেয়ারের নির্বাহী পরিচালক ওয়াহিদা পারভীন।উদ্বোধনের পর পরই কাজী রফিকের নির্দেশনায় মঞ্চস্থ হয় কাব্যনাট্য সোজন বাদিয়ার ঘাট। উত্সবে পরের দিন প্রদর্শিত হয় নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ। নির্দেশনায় ছিলেন জি এ মান্নান ও রাহিজা খানম ঝুনু। এর আগে দাদু (কাজী রফিক) ও নাতির (শিশুশিল্পী ফারুক) অভিনয়ে উপস্থাপন করা হয় ‘কবর’ কবিতার আবৃত্তি। তবে তৃতীয় ও শেষ দিনের উত্সবের ঠিকানা বদলে যায়। সিডিউল জটিলতায় সমাপনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় পরীক্ষণ থিয়েটার হলে। এদিন আইরিন পারভীন লোপার নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক বেদের মেয়ে।তিনটি নাটকেই প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সাঈদা শামছি আরা সায়েকা। বললেন, ‘দুলি, সাজু, চম্পা—বাংলা সাহিত্যের তিন অবিস্মরণীয় চরিত্র। একই উত্সবে তিনটি চরিত্রে আমি অভিনয় করেছি—ভাবতেই ভালো লাগছে। উত্সবের আয়োজনের সঙ্গেও আমি জড়িত ছিলাম। আশা করি, ভবিষ্যতে আরও বড় আয়োজনে এটি করতে পারব।’একই আশাবাদ ব্যক্ত করলেন উত্সব উদ্যাপন পরিষদের আহ্বায়ক কাজী রফিক। তিনি বলেন, ‘পল্লিকবিকে নিয়ে যত বেশি কাজ হওয়ার দরকার, তত কাজ এ দেশে হয়নি। এটা ব্যর্থতা আমাদের। দেশে প্রথমবারের মতো এবারই কবির জন্মোত্সব পালন করা হলো। নিজেদের কাজ, দর্শক উপস্থিতি—সব মিলিয়ে আমরা তৃপ্ত।’এবার থেকে প্রতিবছর এ উত্সব আয়োজিত হবে বলে জানালেন তিনি। বললেন, ‘সম্ভব হলে ভবিষ্যতে বাইরের নাট্যদলকেও আমন্ত্রণ জানাব অংশ নেওয়ার জন্য।’আশা করি, কবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম নিয়ে চর্চাটা এভাবেই বাড়বে।