নাট্যমঞ্চে সাঁওতালদের সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যার কিছু আগেই দর্শক-সমাগমে মিলনায়তন পূর্ণ। গতকাল বুধবার তাঁরা এসেছিলেন আরণ্যক নাট্যদলের নাটক রাঢ়াঙ দেখতে। দলের প্রধান কর্তা মামুনুর রশীদ জানালেন, নাটকটি শততম মঞ্চায়নের দিকে এগোচ্ছে। ভীষণ ব্যস্ত তিনি। কিছুক্ষণের মধ্যে প্রদর্শনী শুরু হবে। দলের অন্য শিল্পীরা তখন রূপসজ্জায় ব্যস্ত। একটু পর দেখা মিলল নাটকের শিল্পী চঞ্চল চৌধুরীর। মনপুরাখ্যাত এই শিল্পী ছোট পর্দায় দারুণ ব্যস্ত সময় পার করেও মঞ্চনাটকে সময় দেন কীভাবে?প্রশ্ন শুনে চঞ্চল হাসেন। ‘আমার প্রতি মাসের শুটিংয়ের শিডিউল বিলি-বণ্টন করি মঞ্চনাটকের প্রদর্শনীর সময়সূচি ঠিক করে। এই যেমন আজ সন্ধ্যায় এখানে কাজ করব। সকালে টিভি নাটকের শুটিং করেছি।’ চঞ্চলকে কেউ একজন ডাকলেন। তিনি চলে গেলেন ভেতরের কক্ষে। সাঁওতালপল্লীর জীবনকাহিনি তুলে ধরা হয়েছে রাঢ়াঙ নাটকে। সিধু-কানুর ব্রিটিশবিরোধী সংগ্রামের পর নাগপুর থেকে উৎখাত হয়ে এ দেশে এসে বসত গড়ে সাঁওতালরা। পাকিস্তান আমল থেকে তাদের ওপর নানা রকম জুলুম-নির্যাতন হয়েছে। এসবই তুলে ধরা হয়েছে নাটকে। চারদিকে বসে আছেন দর্শক। মাঝখানে মঞ্চ। সেখানে চলছিল অভিনয়।সাঁওতালদের নৃত্য ছিল এক অনন্য দৃশ্য। নিজেদের অস্তিত্ব ধরে রাখতে তীর-ধনুক নিয়েই লড়াই চালিয়ে যায় সাঁওতালরা। আর আলফ্রেড সরেনের আত্মত্যাগ রাঢ়াঙকে নিয়ে গেছে অন্য এক মাত্রায়।রাঢ়াঙ মানে দূরাগত মাদলের ধ্বনি।নাট্যনির্দেশক মামুনুর রশীদ বললেন, ‘এই নাটকটি আমরা অনেক বেশি মানুষের কাছাকাছি নিয়ে যেতে পেরেছি। শুধু দেশে নয়, দেশের বাইরে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক উৎসবে রাঢ়াঙ নিয়ে গিয়েছি। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও এর প্রদর্শনী করেছি। মানুষের কাছ থেকে নানা রকম ইতিবাচক মন্তব্যও পেয়েছি।’রাঢ়াঙ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, আ খ ম হাসান, শামীম জামান, চঞ্চল চৌধুরী, জয়রাজ, শামীমা শওকত, আমানুল হক, আবু হালিম প্রমুখ।পিনপতন নীরবতার মধ্যে আরণ্যকের নাট্যকর্মীরা শুরু করেছিলেন অভিনয়। বাইরে তখন অন্ধকার। রিকশার টুংটাং ঘণ্টি বাজার শব্দ। দু-একটা গাড়ি বিকট শব্দ তুলে ছুটে যাচ্ছে। শিল্পকলা একাডেমীর সামনে তখনো দু-একজন করে দর্শক আসছেন, তাঁরা টিকিটের সন্ধান করছেন। রাঢ়াঙ-এর প্রদর্শনী বলে কথা।কাল শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের নাট্যোৎসব আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ‘মুক্তিযুদ্ধের নাট্যোৎসব’। নাটকের দল থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত প্রযোজনা সময়ের প্রয়োজনে-এর ৫০তম প্রদর্শনী উপলক্ষে ছয় দিনের এই নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। থিয়েটার আর্ট ইউনিটসহ নয়টি নাট্যদলের ১০টি নাটক মঞ্চস্থ হবে উৎসবে। জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে নাটকগুলো মঞ্চস্থ হবে। প্রতিটি নাটকই মুক্তিযুদ্ধবিষয়ক এবং প্রতিটি প্রদর্শনীতে বিশেষ অতিথি থাকবেন একজন মুক্তিযোদ্ধা। থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী বলেন, ‘স্বাধীনতার চার দশকের এই প্রান্তে এসে মুক্তিযুদ্ধের সাক্ষী হিসেবে একজন মুক্তিযোদ্ধাকে যদি আমরা নতুুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি তবে এই প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা তৈরি হবে। এমন বিশ্বাস থেকেই মুক্তিযুদ্ধের নাটকের সঙ্গে একজন মুক্তিযোদ্ধাকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।’ প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুরু হবে নাটক। এ ছাড়া বিকেলে জাতীয় নাট্যশালা চত্বরে থাকবে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাবুল বিশ্বাসের সৌজন্যে মুক্তিযুদ্ধের নাটকের পোস্টার ও ছবি প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী।