১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি। কয়েকজন তরুণ ও উদ্যমী নাট্যকর্মী মেতে ওঠেন সৃজনশীল কর্মানন্দে। গড়ে তোলেন একটি নাট্যদল। নাম প্রাচ্যনাট। প্রতিষ্ঠার পর দলটি মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা কাঁদতে মানা। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে প্রাচ্যনাট জানান দেয়, দেশের নাট্যাঙ্গনে নিজেদের পদচারণা। তারপর একের পর এক মঞ্চে আসতে থাকে বেশ কয়েকটি প্রযোজনা। অর্জন করতে থাকে দর্শকদের ভক্তি ও ভালোবাসা। নাট্যামোদী দর্শকদের তারা উপহার দেয় রাজা এবং অন্যান্য, কইন্যা, কেনু কাহারের থেটার, এ ম্যান ফর অল সিজনস, পুনর্জনম, গন্ডার, মায়ের মুখসহ বেশ কয়েকটি মঞ্চ নাটক। পাশাপাশি মঞ্চে এনেছে লাশের দেশ, গর্ত, বিশ পাঁচালি, দড়ি খেলা, কৈবল্য, দুই বলদের গল্পসহ প্রায় ১৫টি পথনাটক। প্রাচ্যনাটের স্কুল অব অ্যাক্টি অ্যান্ড ডিজাইন থেকে এ পর্যন্ত প্রায় ২৫টি ব্যাচের কর্মশালাভিত্তিক প্রযোজনা মঞ্চস্থ হয়েছে। এভাবে হাঁটি হাঁটি পা পা করে সাহসী এবং সৃজনশীল কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রাচ্যনাট অতিক্রম করেছে দেড় দশকের পথযাত্রা। আর এই পথচলায় তারা অংশীদার করেছে নাট্যামোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের। ১৫ বছর উদযাপন উপলক্ষে তারা আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী নাট্যমেলার। মেলার স্লোগান ‘রূপান্তরের রূপকল্প-দৃশ্যে অদৃশ্যে ১৫ বছর’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণ ও মঞ্চকে ঘিরে আয়োজন করা হয়েছে এই নাট্যমেলার। জাতীয় নাট্যশালার সামনে থাকছে সংগীতায়োজন, সিএমএ অর্কেস্ট্রা ও সঞ্জয় চক্রবর্তীর নাট্যমূলক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে আগামী ২১ মার্চ বিকেল পাঁচটায়। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক দ্যা টেম্পেস্ট।এ ছাড়া উৎসবের বাকি দিনগুলোয় মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের রক্তকরবী, প্রাচ্যনাটের দ্যা হেয়ারি এপ, আরণ্যক নাট্যদলের ইবলিশ, থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল, প্রাচ্যনাটের এ ম্যান ফর অল সিজনস, নাট্যকেন্দ্রের দুই যে ছিল এক চাকর, প্রাঙ্গনেমোরের আওরঙ্গজেব, থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায়, সুবচন নাট্য সংসদের মহাজনের নাও, প্রাচ্যনাটের রাজা এবং অন্যান্য। উৎসব প্রসঙ্গে প্রাচ্যনাটের দলপ্রধান আজাদ আবুল কালাম বলেন, ‘আমরা ১৫ বছরের সৃজনশীল ও সাংগঠনিক কর্মযজ্ঞের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছি। এই দীর্ঘ সময়ে আমাদের কী অর্জন, তা পেছনে ফিরে দেখার চেষ্টা করছি এই উৎসবের মাধ্যমে। এটা একধরণের পেছন দিকে ভ্রমণ। এই ভ্রমণ আমাদের নতুন করে সৃজনশীল ও সাংগঠনিক কর্মোদ্দীপনায় আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে।’উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত।