নাট্যযুদ্ধের সঙ্গে ১২ নির্মাতা
নতুন রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’র সঙ্গে যুক্ত হলেন ১২ জন নাট্যনির্মাতা। দেশের বিভিন্ন অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের। এই নির্মাতারা হলেন গাজী রাকায়েত (ঢাকা), রুলীন রহমান (ফরিদপুর), সকাল আহমেদ (কুমিল্লা), শাকুর মজিদ (সিলেট), দীপংকর দীপন (রংপুর), এস এ হক অলিক (ময়মনসিংহ), দেবাশীষ বড়ুয়া (চট্টগ্রাম), আশরাফুল আলম (খুলনা), রিপন নবী (কুষ্টিয়া), সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড (রাজশাহী), আবু সাইয়ীদ (বগুড়া) ও সৈয়দ আওলাদ (বরিশাল)। তাঁরা বিচারকদের সহায়তায় অডিশনের মাধ্যমে নিজ নিজ অঞ্চলের সম্ভাব্য নতুন অভিনেতা-অভিনেত্রী, গল্পকার-নাট্যকার ও নির্মাতা-পরিচালক নির্বাচন করবেন এবং প্রশিক্ষণ দেবেন। প্রতিযোগিতার জন্য তাঁরা একটি দল (নাট্যকার, পরিচালক ও অভিনয়শিল্পী) তৈরি করবেন। এই নাট্যনির্মাতাদের তত্ত্বাবধানে নির্ধারিত চিত্রনাট্যের ওপর ১০ থেকে ১২ মিনিট ব্যাপ্তির নাটিকা তৈরি হবে।
নতুন অভিনেতা-অভিনেত্রী, গল্পকার-নাট্যকার ও নির্মাতা-পরিচালক তৈরির জন্য শুরু হচ্ছে এই রিয়েলিটি শো। যৌথভাবে আয়োজন করেছে এটিএন বাংলা ও ব্যাকড্রপ লিমিটেড। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নিবন্ধন কার্যক্রম। নাট্যযুদ্ধের প্রকল্পপ্রধান তুহিন বড়ুয়া জানান, এর প্রধান বিচারক হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্বরা। তাঁদের নাম পরে জানানো হবে। প্রতিযোগিতার নাটকগুলো দেখানো হবে এটিএন বাংলায়।