
স্টুডিও থিয়েটারের পাশাপাশি জাতীয় নাট্যশালাতেও আরেকটি নতুন নাটক দেখল দর্শক।
গ্রন্থিক নাট্যগোষ্ঠী গতকাল অগ্নিগণ নাটকটি প্রথম মঞ্চায়ন করল। জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামানের গল্পভাবনায় অগ্নিগণ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান।
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদী কাহিনির নাটকটিতে দেখা যায়, বৃদ্ধ নিয়ামত হোসেন তার একমাত্র ছেলেকে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ শেষে তার ছেলে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে অন্তর্দ্বন্দ্বে খুন হয়। স্বামীর লাশ দেখে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে তার পুত্রবধূ। কাছের দুজন মানুষকে হারিয়ে নিয়ামত একমাত্র নাতনি ‘মাটি’কে বুকে চেপে জীবন যাপন করে। শত কষ্টের মাঝেও তার ভেতর থেকে মুক্তিযুদ্ধের চেতনা কলুষিত হয়নি। ধীরে বড় হয় মাটি। অন্যের বাড়িতে কাজ করে দাদাকে দেখাশোনা করে সে। ভালো খাবার এনে দাদাকে খাওয়ায়। এদিকে মাটি ভালোবেসে ফেলে গ্রামের চুড়িওয়ালা আক্কাসকে। কিন্তু চেয়ারম্যানের খারাপ দৃষ্টি পড়ে মাটির ওপর। কিন্তু সফল হতে পারে না। একদিন চেয়ারম্যান গ্রামের বখাটে ছেলে তেঁতুলকে ঘরে ঢুকিয়ে অপবাদ দেয় মাটিকে। একদিন চেয়ারম্যানের প্রকৃত রূপ বের হয়ে আসে। গ্রামবাসী জানতে পারে চেয়ারম্যান মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধী। ফুঁসে ওঠে মানুষ। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।