গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ঢাকা থিয়েটার প্রযোজিত দ্য টেম্পেস্ট মঞ্চস্থ হলো। সন্ধ্যা সাতটায় নাটকটি শুরু হয়। এর নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকের অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ।দ্য টেম্পেস্ট কাহিনি সংক্ষেপ: রাজত্ব থেকে নির্বাসিত হলেন মিলানের অধিপতি প্রসপেরো। শিশুকন্যা মিরান্ডার সঙ্গে প্রসপেরোকে ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রের জলে। ভাসতে ভাসতে বহুদূরে এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তারা। দেখতে দেখতে কেটে যায় ১২ বছর। হঠাৎ একদিন মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে প্রসপেরোর শত্রুপক্ষের জাহাজ। ভাগ্যের পরিহাসে জাহাজডুবি হয়ে তারা এসে পৌঁছায় সেই একই দ্বীপে। নির্বাসন, প্রতিশোধ, ক্ষমা ও প্রায়শ্চিত্তের সঙ্গে নাটকের উপাদানে যোগ হয় মায়াবিদ্যা ও অতি প্রাকৃতিক জৈবশক্তি।পরীক্ষণ থিয়েটারে হরগজনাট্যাচার্য সেলিম আল দীন রচিত হরগজ-এর মঞ্চায়ন হলো শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে। নাট্য সংগঠন স্বপ্নদলের এ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২-এ সেলিম আল দীন হরগজ নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে যাওয়া এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। সাভারে রানা প্লাজা ধসের পর উদ্ধার অভিযানের সঙ্গে এ প্রযোজনার অনেক দৃশ্য ও সংলাপের মিল রয়েছে। সে জন্য সাভার-দুর্গতদের সাহায্যার্থে এই মঞ্চায়নের আয়োজন করা হয়।জলরঙের কাজতরুণ শিল্পী ওয়ারিয়র রহমানের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে। বিকেল সাড়ে পাঁচটায় শিল্পী হামিদুজ্জামান খান প্রদর্শনীর উদ্বোধন করবেন।প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৩৬টি। একটি অ্যাক্রিলিকের, এ ছাড়া সব কাজই তিনি করেছেন জলরঙে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে চেয়েছেন এই তরুণ শিল্পী তাঁর কাজে। নদী, নৌকা, পাহাড়ি এলাকার নিসর্গ, ঘরবাড়ি, ফুল ভরা শাখা, নদীতে মেঘের ছায়া—এসব এসেছে তাঁর কাজে। ওয়ারিয়র রহমান ইউডা থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি নিয়েছেন। চীন সরকারের বৃত্তি নিয়ে এ বছরই যাচ্ছেন তিন বছরের জন্য স্নাতকোত্তর ডিগ্রি নিতে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিল্পাঙ্গনে তাঁর প্রদর্শনীর প্রেস প্রিভিউর আয়োজন করা হয়। শিল্পী জানান, তিনি জলরঙের কাজে আরও পারদর্শিতা অর্জনের লক্ষ্য নিয়েই চীনে যাচ্ছেন। প্রদর্শনী ১৬ জুন প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।