
মঞ্চে তখন বাঁশি আর মৃদঙ্গের সম্মিলিত সুর। প্রজাপতির মতো উজ্জ্বল শিশুর দল মঞ্চ আলো করে নেচে চলেছে। তন্ময় হয়ে শুনছে দর্শক। এমনই ছিল গতকাল শুক্রবার মণিপুরি নৃত্যসন্ধ্যার পরিবেশ।
উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের গীতিধর্মী শাস্ত্রীয় নৃত্যধারা এ মণিপুরি নৃত্য। মণিপুরি নৃত্যচর্চার পাশাপাশি প্রচার ও প্রসারে নিবেদিত নৃত্য সংগঠন নৃত্যনন্দন। ২৫ বছর ধরে মণিপুরি নৃত্যসাধনায় মগ্ন রয়েছে সংগঠনটি। শাস্ত্রীয় নৃত্যের এই বিশেষ ধারাটি নিয়েও কাজ করছে তারা। সেই সাফল্যের উদ্যাপনে নেওয়া হয়েছে বছরব্যাপী রজতজয়ন্তীর কর্মসূচি। তারই অংশ হিসেবে সপ্তাহব্যাপী মণিপুরি নৃত্যের কর্মশালার আয়োজন।
কর্মশালাটি পরিচালনা করেন ভারতের নৃত্যগুরু কলাবতী দেবী। এতে অংশ নেয় ছায়ানট, নৃত্যম নৃত্যশীলনকেন্দ্র, ধৃতি নর্তনালয় নৃত্যনন্দনের ৭০ জন প্রশিক্ষণার্থী। গতকাল কর্মশালার সমাপনী দিনে পরিবেশিত হলো মণিপুরি নৃত্যসন্ধ্যায় ‘জগোই পরেং’।
নৃত্যনন্দনের রজতজয়ন্তীর এ নৃত্যসন্ধ্যায় নাচ করেন কলাবতী দেবী, ওয়ার্দা রিহাব, সুদেষ্ণা স্বয়ংপ্রভা, সোনিয়া রশীদ, ইরা বালা, শুভ্রত দাস এবং ফারহানা আহমেদ। এছাড়া ওপরের সংগঠনগুলোসহ শান্তনা দেবীর পরিচালনায় সিলেটের নৃত্যদল অ্যাকাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টের একঝাঁক শিক্ষার্থীও এতে অংশ নেয়। অনুষ্ঠানটি উপভোগের জন্য পরিবেশনা শুরুর আগেই আগ্রহী দর্শকদের ভিড় জমে নাট্যশালা আঙিনায়। দীর্ঘ সারি দেখা যায় প্রবেশপথে। মিলনায়তনও ছিল কানায় কানায় পূর্ণ।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালন করেন নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম, নৃত্যশিল্পী লায়লা হাসান, কামাল লোহানী, কবি আসাদ চৌধুরী, জামিলুর রেজা চৌধুরী, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী এবং নৃত্যনন্দনের পরিচালক শর্মিলা বন্দ্যোপাধ্যায়।
‘অর্ডিনারি লাইফ: এক্সট্রা অর্ডিনারি ভিশন’
রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণির অ্যাথেনা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী জামাল আহমেদের একক চিত্রকলা প্রদর্শনী। ‘অর্ডিনারি লাইফ: এক্সট্রা অর্ডিনারি ভিশন’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের গ্যালারি কিউরেটর জিনাত ইকরামুল্লাহ।
মিশ্র মাধ্যম, অ্যাক্রিলিক, পেনসিল, চারকোল, পেস্টাল, ইংক, জলরঙের মাধ্যমে আঁকা ৩০টি চিত্রকর্ম দিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছে। ছবিগুলোতে রয়েছে নানা রঙের মানুষের জীবনের কথা, বাংলার প্রকৃতি, এ দেশের গ্রামীণ জনপদ, কিষান-কিষানি, জেলে, একাকী নারীর ভাবনা। প্রদর্শনীজুড়ে গ্রামবাংলার অপরূপ বেশ কিছু চিত্রকর্মের পাশাপাশি আছে জোড়া কবুতর, যাকে শিল্পী অভিহিত করেছেন প্রেমের প্রতীক হিসেবে। আছে পাগলা সিরিজের কয়েকটি ছবি, অর্ধনগ্ন নারী, পরিত্যক্ত মাটির হাঁড়ি-পাতিল। রবীন্দ্রনাথের একটি ছবি আছে প্রদর্শনীতে। জামাল আহমেদের প্রদর্শনীর বড় একটা অংশজুড়ে আছে নারীর বিচিত্র রূপ।
প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।