নাট্যশালার হাইড্রোলিক লিফট এখনো অকার্যকর!
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চের আধুনিক হাইড্রোলিক লিফট এখনো অকার্যকর রয়ে গেছে। ২০০২ সালে নাট্যশালার মূল মিলনায়তন চালু হওয়ার পর কিছুদিনের মধ্যেই তা বিকল হয়ে যায়। বৈদ্যুতিক সুইচের মাধ্যমে পরিচালিত লিফট মঞ্চের সামনের অংশের ডান ও বাঁ পাশ পর্যন্ত মূল মঞ্চের সঙ্গে লাগানো। নাটক চলাকালে চরিত্রের প্রয়োজনে মূল চরিত্রের শিল্পী এই লিফটটি ব্যবহার করেন। এ ছাড়া অনেক সময় নাটকের অর্কেস্ট্রা দলও এই পাটাতনটিতে অবস্থান করে। কিন্তু গত প্রায় আট বছরই দামি এই হাইড্রোলিক অকার্যকর অবস্থায় পড়ে আছে। প্রথম দিকে নাট্যকর্মীদের দাবির মুখে শিল্পকলা কর্তৃপক্ষ মেরামত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু পরবর্তী সময় তা উদ্যোগের মধ্যেই রয়ে গেছে। আদৌ এ লিফটটি আর মেরামত করা হবে কি না, তাও নাট্যকর্মীরা জানেন না। নাট্যকর্মী পারভেজ আখতার বলেন, ‘নাট্যশালার মূল মিলনায়তনটির সঙ্গে হাইড্রোলিক লিফটটি মঞ্চের আধুনিকতা আরও বাড়িয়ে দিয়েছে। এটি উন্নত বিশ্বের নাটকের মঞ্চের সঙ্গে তুলনা করা যায়। ভিন্ন ধরনের প্রযোজনায়ও এ লিফটটি ব্যবহার করা যায়। এমনকি নিরীক্ষাধর্মী নাটকেও নাট্যদলগুলো ব্যবহার করে নাটকে ভিন্নতা আনতে পারে। কিন্তু এত দীর্ঘ সময়ও এ লিফটটি মেরামত করা হলো না। নাটকের উন্নয়নের জন্য সবাই বড় বড় কথা বলছেন, কিন্তু এসব নিয়ে কারও মাথাব্যথা নেই।’ ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আকতারুজামান বলেন, ‘প্রথম যখন এ মঞ্চটির উদ্বোধন হয়, তখন বেশ ভালোই ছিল হাইড্রোলিক লিফটটি। পরে কিছুদিনের মধ্যেই তা বিকল হয়ে যায়। মেরামত করার উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু কী কারণে এটা আর হয়নি, তা বলতে পারব না।’ এ ব্যাপারে শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের উপপরিচালক গোলাম সারোয়ার বলেন, ‘এ জিনিসটি যে নষ্ট হবে, তা আমরা আগেই জানতাম। কারণ, একটা বাতিল জিনিস এখানে দেওয়া হয়েছে। দুটি বিষয়ে আমাদের ঘোরতর আপত্তি ছিল, তা হলো, মঞ্চের মাঝামাঝি ওপরে ফায়ার কার্টেন স্থাপন, আরেকটি এই হাইড্রোলিক লিফট। কেননা, এত বিশাল অঙ্কের টাকা ব্যয়ে এগুলো স্থাপন করা ঠিক নয়। আর যদিও করল, তা আবার ভেজাল জিনিস দিয়ে করল। আমি মনে করি, এ দুটি জিনিস স্থাপন করতে অর্থের অনিয়ম করা হয়েছে।’ তিনি আরও জানান, এখন এসব জিনিস মেরামত করতে গেলে কমপক্ষে ১২ থেকে ১৪ লাখ টাকা খরচ হবে, যা শিল্পকলা কর্তৃপক্ষের কাছে নেই। বর্তমান সময়ে শিল্পকলা এমন অবস্থার মধ্যে আছে যে জাতীয় নাট্যশালা দেখভাল করতেই সমস্যায় পড়তে হচ্ছে। অবস্থাটা এমন যে বৈদ্যুতিক বাল্ব নষ্ট হয়ে গেলে তা কেনার টাকারও অভাব।