নাট্যশালায় টার্গেট প্লাটুন
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে টার্গেট প্লাটুন। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নাটকের কাহিনি। ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের নয় মাসে অস্ত্র হাতে যুদ্ধ করার পাশাপাশি অনেকেই নানাভাবে সাহায্য করেছেন দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে। কিন্তু, তাঁদের নাম ইতিহাসের কোনো পাতায় লেখা নেই। যেমন—একজন বাবুর্চি, যিনি যুদ্ধের সময় রান্না করেছেন; বিদ্যুৎ বিভাগে কর্মরত এক প্রকৌশলী, যিনি পাকিস্তানি ক্যাম্পে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধে। তাঁর জীবন উৎসর্গের গল্প নিছক কল্পনা নয়। একজন মেডিকেল কলেজের ছাত্রী অথবা একজন কুমার অথবা একজন মূক-বধির, একজন আদিবাসী যুবক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে। সেই জীবন উৎসর্গের গল্প হয়তো ইতিহাসের কোথাও লিপিবদ্ধ হয়নি। তাঁদের কথা মহাকাল মনেও রাখে না। সেই সব অজানা গল্প আর অচেনা মানুষের আত্মাহুতির কাহিনি খুঁজে বের করার প্রয়াস করেছেন মামুনুর রশীদ এই নাটকে।পুরো নাটক সংগীতের মধ্য দিয়ে পরিবেশিত হয়েছে। এর সংগীত পরিচালনা করেছেন পরিমল মজুমদার। নাটকে কাজ করছে আরণ্যক, থিয়েটার আর্ট ইউনিট, প্রাচ্য নাট, প্রাঙ্গণেমোর, তিরন্দাজ, নাটুকে ও থিয়েটার বেইলি রোডের নাট্যকর্মীরা।আজ শুক্রবার সন্ধ্যায়ও এখানে টার্গেট প্লাটুন মঞ্চায়িত হবে।