নাট্যশালায় মুনীর চৌধুরীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বৃদ্ধ দম্পতির গল্প। স্বামী আইনজীবী। স্ত্রী গৃহিণী। গল্পের শুরুতেই দেখা যায়, এক রাতে আইনজীবী ভদ্রলোক কোনো এক নারীর কিছু ছবি দেখছেন। তাঁর স্ত্রী তাঁর দাঁতের ডাক্তারের ভুল করে ফেলে যাওয়া ডায়েরি পড়তে মশগুল। স্ত্রী সন্দেহ করেন, স্বামী ছবির ওই নারীর সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন। আবার স্বামীও স্ত্রীকে দাঁতের ডাক্তারের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করেন। এভাবেই এগিয়ে যায় শহীদ মুনীর চৌধুরীর লেখা নাটক দণ্ড-এর কাহিনি। গতকাল শিল্পকলা একাডেমীতে আয়োজিত মুনীর চৌধুরী নাট্যোৎসবের উদ্বোধনীতে মঞ্চস্থ হয় নাটকটি।শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী স্মরণে দুই দিনের নাট্যোৎসব শুরু হয়েছে গতকাল শুক্রবার। শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসবের উদ্বোধন পর্ব ও আলোচনা অনুষ্ঠান শেষে ছিল নাটক মঞ্চায়ন। সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। দণ্ড নাটকের চরিত্র তিনটি। এতে অভিনয় করেছেন সাকী ফারজানা, বিদ্যুৎ সরকার ও মাহবুব লিটন। আজ শনিবার উৎসবের শেষ দিন সন্ধ্যায় একই স্থানে শহীদ মুনীর চৌধুরী রচিত এবং আবু হাশিম মাসুদ নির্দেশিত নাটক কবর মঞ্চস্থ হবে।শুরু হলো ‘আমাদের কথা’গত বছরের অক্টোবর মাসে ঢাকা আর্ট সেন্টারের সঙ্গে যৌথ আয়োজনে কিবরিয়া প্রিন্ট স্টুডিওতে সপ্তাহব্যাপী ছাপচিত্রের এচিং মাধ্যমের কর্মশালার আয়োজন করে নারী চিত্রশিল্পীদের সংগঠন ‘সাঁকো’। কর্মশালায় আঁকা সেই সব শিল্পকর্ম নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ‘আমাদের কথা’ শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী।শুক্রবার বিকেলে মহাখালীর কসমস-২ গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনিত ওথমান। সম্মানিত অতিথি ছিলেন শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে সাঁকো শিল্পী—ফরিদা জামান, নাইমা হক, নাসরিন বেগম, ফারেহা জেবা, কনক চাঁপা চাকমা, ফারজানা ইসলাম, রেবেকা সুলতানা ও সুলেখা চৌধুরীর পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে অংশ নিচ্ছেন আফরোজা জামিল, শান্তনা শাহরিন ও ফারজানা রহমানের চিত্রকর্ম। প্রদর্শনীটিতে প্রত্যেক শিল্পীর দুটি করে চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ১২ মার্চ পর্যন্ত চলবে।