নাট্যশালায় ‘বাংলার মাটি বাংলার জল’
নাটকের নায়ক স্বয়ং রবীন্দ্রনাথ। ১৮৮৯ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত কাহিনির বিস্তার। তিনি তখন শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে পৈতৃক জমিদারি দেখভাল করার কাজে নিয়োজিত। কবির দেখা তখনকার বাংলাবৃত্তান্ত রয়েছে ছিন্নপত্রতে। এটি অবলম্বন করেই নাটক বাংলার মাটি বাংলার জল।নাটকের দল পালাকার প্রযোজিতবাংলার মাটি বাংলার জল রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় নাটকটির দশম প্রদর্শনী হলো শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।নাটকের কেন্দ্রীয় চরিত্র আবর্তিত হয়েছে রবীন্দ্রনাথকে ঘিরেই। বিলেতফেরত রবীন্দ্রনাথ। পারিবারিক জমিদারির দায়িত্ব নিয়ে কলকাতা থেকে এলেন বাংলাদেশের শিলাইদহ-শাহজাদপুর-পতিসরে। জাঁকজমকের সঙ্গে তাঁর অভ্যর্থনার আয়োজন করেছেন নায়েব। সম্বোধন করেছেন ‘রাজা’ বলে। কবি চমকে উঠলেন ‘রাজা’ সম্বোধনে। তিনি বললেন, ‘কে রাজা? আমি তো রাজা নই!’ তিনি উপস্থিত গ্রামবাসীকে বলেন, ‘আমি এসেছি তোমাদের সঙ্গে থাকব, মিলব বলে।’কলকাতা থেকে আসার সময় রবীন্দ্রনাথ ভাতিজি ইন্দিরা দেবীকে (সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে) কথা দিয়েছিলেন, বাংলাদেশে এসে যা কিছু দেখবেন, তার সবই লিখে জানাবেন। শিলাইদহ-শাহজাদপুর-পতিসরে বাংলাদেশের প্রকৃতির রূপ নতুন করে আবিষ্কার করতে থাকেন তিনি। এর বর্ণনা চিঠি আকারে পৌঁছে যেতে থাকে ইন্দিরা দেবীর কাছে। সেই সব চিঠি নিয়েই ছিন্নপত্র। নাটকে রবীন্দ্রনাথের সঙ্গে এসেছে ইন্দিরা দেবী চরিত্রটিও। পাশাপাশি তত্কালীন বাংলাদেশের সমাজ ও বিচিত্র মানুষের জীবনযাত্রাও এসেছে একইভাবে।আজ থেকে ‘গ্রামীণ প্রকৃতি’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ মঙ্গলবার থেকে শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাসের ‘গ্রামীণ প্রকৃতি’ শীর্ষক একক জলরং চিত্র প্রদর্শনী শুরু হবে। আজ সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত জানানো হয়। এতে শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পী শাহজাহান আহমেদ এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। ২০ জেলায় ঐতিহ্যের বই উত্সবপ্রকাশনা সংস্থা ঐতিহ্য দেশের ২০টি জেলা শহরে একযোগে আয়োজন করেছে ‘ঐতিহ্য বই উত্সব ২০১১’। ‘জ্ঞান-আনন্দে মেতে ওঠো বাংলাদেশ, বই উত্সবে নেচে ওঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে আয়োজিত এই উত্সবে পাওয়া যাচ্ছে ঐতিহ্যের প্রকাশিত বইগুলো। সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, পঞ্চগড়, ফেনী, রংপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, পাবনা, টাঙ্গাইল, বরিশাল, দিনাজপুর, বগুড়া, শরীয়তপুর, মাদারীপুর, লালমনিরহাট ও জামালপুরে গত শুক্রবার একসঙ্গে শুরু হয়েছে এই বই উত্সব।ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান জানান, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলিসহ সমসাময়িক লেখকদের বই নিয়ে সাজানো হয়েছে এই উত্সব। এতে বই বিক্রির পাশাপাশি থাকছে গ্রন্থালোচনা, কবিতা পাঠ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আট দিনের এই উত্সব শেষ হবে ২৩ সেপ্টেম্বর।