ভীষণ সংকটের সম্মুখীন হিমালয়-পুত্র রাজা হিমাদ্রি। প্রচণ্ড ঝড়বৃষ্টির আগমনী বার্তা এল তাঁর রাজ্যে! পশ্চিমের আকাশে এমনই কালো মেঘ করেছে, যা হিমালয়ের ইতিহাসে এক বিরল ঘটনা। রাজ্যের সব প্রজা সন্ত্রস্ত এই অশুভ ঝড়ের আগমনে। সবাই ভিড় করেছে রাজপ্রাসাদের সামনে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ নাটক রাজা হিমাদ্রির দৃশ্য এটি।গ্রিক নাট্যকার সফোক্লিসের কালজয়ী নাট্যকর্ম ইডিপাস অবলম্বনে নাট্যদল দৃষ্টিপাত মঞ্চে এনেছে রাজা হিমাদ্রি। গতকাল সোমবার সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় নাটকটি। মুক্তিযুদ্ধের ৪০ বছরে শিল্প-সংস্কৃতি আর জাতীয় পর্যায়ের নানা সংকট সামনে রেখেই দৃষ্টিপাতের এই নাট্যভাবনা।নাটকের একপর্যায়ে রাজা হিমাদ্রি চান, তাঁর জন্মের নেপথ্য ইতিহাসকে অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত করতে! যত নীচ কূলেই জন্ম হোক না কেন, সে বৃত্তান্ত তিনি জানবেনই। হিমাদ্রি জানেন, তিনি হিমগিরির ঐশ্বর্যে লালিত। হিমালয়-নন্দিনী পার্বতীর সন্তান। কখনো তিনি তাঁকে তুলেছেন উচ্চে, কখনো নামিয়েছেন নিচে। তাঁর বিশ্বাস, স্বয়ং দুর্গতিনাশিনী—যার প্রতীকী মাতা—অসম্মানে কখনো তাঁর সমাপ্ত হতে পারে না। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খন্দকার তাজমি নূর, মারজানা বারকাতুন, আবদুল হালিম আজিজ, জাহাঙ্গীর কবির, মৃন্ময় চক্রবর্তী, শ্রেয়া খন্দকার, বৈদ্যনাথ অধিকারী, রফিকুল ইসলাম, সুপ্তি হালদার প্রমুখ।‘একশ বস্তা চাল’-এর ৫০তম প্রদর্শনীজাপানি নাট্যকার ইয়াজো ইয়ামামতো রচনা করেছিলেন একশ বস্তা চাল নাটকটি। সেই নাটকই শিল্পকলা একাডেমী মঞ্চে আনে কয়েক বছর আগে। অধ্যাপক আবদুস সালামের অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। ২০০৮ সালে ‘উচিমুরা নাইওয়া’ পুরস্কারপ্রাপ্ত নাটকটি গত মাসের ১৫ তারিখ ভূষিত হয়েছে ‘কোমে-হিয়াপ্পিও’ পুরস্কারে। বাংলাদেশে জাপান দূতাবাসের সহযোগিতায় নির্মিত এ নাটকের ৫০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার।গতকাল সোমবার দুপুরে এ উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, নাটকটির নির্দেশক গোলাম সারোয়ার প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, একজন ব্যক্তির একটি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার মনোবল দেশের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে শিল্পকলা একাডেমী নাটকটি মঞ্চে আনে। ৫০তম প্রদর্শনীর পথচলায় এরই মধ্যে নাটকটি ঢাকার বাইরে আরও নয়টি জেলা শহরে মঞ্চায়ন হয়েছে। বুধবার সন্ধ্যায় ৫০তম মঞ্চায়ন উপলক্ষে নাটকটির কলাকুশলী ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবে।বেক্সিফেব্রিকস-অন্যদিন ঈদ ফ্যাশনআসছে ঈদ উপলক্ষে পাক্ষিক অন্যদিন ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিফেব্রিকসের যৌথ উদ্যোগে গতকাল সোমবার জমকালোভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘বেক্সিফেব্রিকস-অন্যদিন ঈদ ফ্যাশন ২০১২’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেমে তিন ঘণ্টার এই বর্ণাঢ্য আয়োজনে ছিল দেশের জনপ্রিয় ১৪টি বুটিক হাউসের ওপর নির্মিত তথ্যচিত্র এবং তাদের ঈদের পোশাক নিয়ে ফ্যাশন শো।এবারের আয়োজনে অংশ নেয় দেশের নবরূপা, টাঙ্গাইল শাড়ী কুটির, এম ক্রাফট, কে-ক্রাফট, মিয়াবিবি, নিখুঁত ক্রাফট, স্মার্টেক্স, কাজী ক্রাফট, সালসাবিল, শৈল্পিক, সিনাই, অন্যমেলা, বিবর্তন ও ম্যাকয়। এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান বেক্সিফেব্রিকসের বস্ত্রে তৈরি পোশাক পরেও মডেলরা ক্যাটওয়াক করেন।অংশগ্রহণকারী বুটিক হাউসগুলোর প্রতিনিধির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিক্ষাবিদ ও লেখক আনিসুজ্জামান, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, ক্রীড়াব্যক্তিত্ব রকিবুল হাসান, নাট্যকার জিনাত হাকিম, নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, শামীম আরা নীপাসহ আরও অনেকে।এ আয়োজনে ২০০৫ সাল থেকে যুক্ত হয় ‘আজীবন সম্মাননা পুরস্কার’। দেশজ ফ্যাশন নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছেন এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন—এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়। এ বছর আজীবন সম্মাননায় ভূষিত করা হয় রুবি গজনবীকে। তাঁর হাতে সম্মাননা স্মারক ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অন্যদিন-এর ব্যবস্থাপনা সম্পাদক সিরাজুল কবির চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।