নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যশালার সামনের ফটক, প্রাঙ্গণ, সিঁড়ি, মিলনায়তন—সর্বত্র ফুলে ফুলে সাজানো সেলিম আল দীনের ছোট-বড় প্রতিকৃতি। তাঁকে স্মরণ করে জ্বালানো হয়েছে অজস্র প্রদীপ। গতকাল শুক্রবার ছিল নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণ দিবস। এ উপলক্ষে যৌথভাবে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।‘পুণ্যশ্লোক হে সেলিম আল দীন/ প্রাচ্যমঞ্চের পার্থ হে তুমি নাট্যাচার্য সেলিম আল দীন’—এ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে ‘স্বপ্নদল’। গতকাল বিকেল পাঁচটায় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এই পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান শুরু হয়। এর পর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন মুস্তাফা নূরউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, রাইসুল ইসলাম আসাদ, শিমূল ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম, ফাহমিদা নবী প্রমুখ। দ্বিতীয় পর্বে সেলিম আল দীন রচিত এবং ফাহমিদা নবীর গাওয়া গানের অ্যালবাম আকাশ ও সমুদ্র অপার-এর মোড়ক উন্মোচন করেন বেগমজাদী মেহেরুন্নেসা। পরে ফাহমিদা নবী ‘আমি যতবার উড়াল মেঘেদের ছুঁতে চাই’ গানটি গেয়ে শোনান। অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত দুটি নাটক। জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে নাটক ধাবমান। পরীক্ষণ থিয়েটারে চট্টগ্রামের দল ‘প্যান্টোমাইম মুভমেন্ট’ মঞ্চস্থ করে প্রাচ্য নাটকটি।