নাট্যাচার্যের আনন্দঘন জন্মোৎসব
প্রদীপ হাতে কয়েকজন তরুণ-তরুণী গান করছে ‘মঙ্গলপ্রদীপে পূজিব তোমারে নাট্যগুরু সেলিম আল দীন...’। মাঝের দুজনের হাতে নাট্যাচার্য সেলিম আল দীনের বিশাল আকৃতির ছবি। পেছনে রয়েছে সদ্য প্রয়াত চলচ্চিত্রব্যক্তিত্ব তারেক মাসুদ এবং গণমাধ্যমব্যক্তিত্ব মিশুক মুনীরের প্রতিকৃতি। তাঁদের উৎসর্গ করেই গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেলিম আল দীন জন্মোৎসব’।বিরল প্রতিভাবান নাট্যকার সেলিম আল দীনের সৃজনকর্মে উঠে এসেছে তাঁর নিজস্ব জনপদ, ইতিহাস, ঐতিহ্য, পুরাণ। বাঙালির নিজস্ব আধুনিক নাট্যধারা নির্মাণে তিনি ব্রতী ছিলেন আজীবন। গতকাল বৃহস্পতিবার ছিল তাঁর ৬২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগান নিয়ে জন্মোৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে শুরু হয়েছে ‘সেলিম আল দীন জন্মোৎসব’। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা, উৎসব আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ, সদস্য-সচিব জাহিদ রিপন, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, শিমূল ইউসুফ, সদ্য প্রয়াত মিশুক মুনীরের ভাই আসিফ মুনীর প্রমুখ। যৌথভাবে উৎসব আয়োজন করছে ঢাকা থিয়েটার, স্বপ্নদল, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও দ্যাশবাংলা থিয়েটার। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।এর আগে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যাচার্য সেলিম আল দীনকে নিবেদিত সংগীত-কোরিওগ্রাফি পরিবেশন করে নাট্যসংগঠন স্বপ্নদল। এরপর জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটার নিমজ্জন, পরীক্ষণ থিয়েটারে স্বপ্নদল ফেস্টুনে লেখা স্মৃতি এবং স্টুডিও থিয়েটারে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুত্র নাটক দুটি মঞ্চস্থ করে।আজ উৎসবের সমাপনী দিন শুক্রবার বেলা সাড়ে তিনটায় শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সেলিম আল দীন স্মারক বক্তৃতা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। মূল বক্তব্য উপস্থাপন করবেন মফিদুল হক। সন্ধ্যা সড়ে সাতটায় জাতীয় নাট্যশালায় ঢাকা থিয়েটারের ধাবমান, পরীক্ষণ থিয়েটারে স্বপ্নদলের হরগজ এবং স্টুডিও থিয়েটার হলে দ্যাশবাংলা থিয়েটারের নাটক জুলান মঞ্চস্থ হবে। এ ছাড়া উৎসবের দুই দিনই বাবুল বিশ্বাস সংগৃহীত বিভিন্ন দলের মঞ্চায়িত সেলিম আল দীনের নাটকগুলোর মঞ্চ পরিকল্পনার প্রতিকৃতি, পোস্টার, আলোকচিত্র প্রভৃতির প্রদর্শনী চলছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সেলিম আল দীনের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার পুরাতন কলাভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এর উদ্বোধন করেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা। শোভাযাত্রা শেষে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দুপুর ১২টায়্র জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘সেলিম আল দীনের নাটকে লোকজীবন ও কৃষি প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন নাট্যকার ও গবেষক জাহারাবী রিপন। আলোচনা করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক রশীদ হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আমিনুল ইসলাম। এরপর একই স্থানে সেলিম আল দীন রচিত গান পরিবেশন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।দেশজ নাট্যোৎসবসদ্য প্রয়াত সংগীতজ্ঞ অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তী, বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যমব্যক্তিত্ব মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন উপলক্ষে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে অনুষ্ঠিত হবে দেশজ নাট্যোৎসব। নাট্যকলা বিভাগের প্রযোজনায় স্নাতকোত্তর ও তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ থেকে ২১ আগস্ট প্রতিদিন বেলা ১১টা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় এই উৎসবে মঞ্চস্থ হবে কমলারাণীর সাগরদীঘি। ইসলাম উদ্দিন পালাকারের পরিবেশনা থেকে আত্তীকৃত এই নাট্যের নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান।