নাট্যাচার্যের জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে গতকাল সেলিম আল দীন জন্মোত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন নাসির উদ্দীন ইউসুফ ষ ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীতে গতকাল সেলিম আল দীন জন্মোত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন নাসির উদ্দীন ইউসুফ ষ ছবি: প্রথম আলো

বিশাল ক্যানভাসে তাঁর প্রতিকৃতি। ছবির সামনে ফুলের পাপড়ি ছড়ানো। কারও ছবির সামনে যখন বিশেষ যত্নে ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়, তখন বুঝতে বাকি থাকে না ছবির মানুষটি নেই। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা এবং স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল তাঁর প্রতিকৃতিসংবলিত পোস্টার, আলোকচিত্র। সবকিছু পরিপাটি করে সাজানো। ছিল কর্মীদের ব্যস্ততা। আমন্ত্রিত অতিথিরা সাগ্রহে দেখছেন ঘুরে ঘুরে। চলছে সমাগতদের আলাপচারিতা; শুধু ওই ছবির মানুষটি নেই। তাঁকে আর পাওয়া যাবে না কোনো আয়োজনে, কোনো প্রয়োজনে। তিনি নাট্যাচার্য সেলিম আল দীন। আজ ১৮ আগস্ট তাঁর ৬৪তম জন্মবার্ষিকী।
গতকাল শনিবার বিকেলে শিল্পকলা একাডেমীতে তাঁর জন্মদিন উপলক্ষে দুটি উৎসব শুরু হয়েছে। জাতীয় নাট্যশালায় ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগান নিয়ে উৎসবের আয়োজন করেছে যৌথভাবে সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমী। সহযোগিতা দিচ্ছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। এ ছাড়া স্টুডিও থিয়েটারে স্বপ্নদলের উদ্যোগে ‘আত্মশক্তির জিয়ন পরশে কালঘুম নাশে, দ্বিধা হলো লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’ স্লোগান নিয়ে শুরু হয়েছে দুই দিনের আরেকটি জন্মোৎসব।|
সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমী আয়োজিত উৎসবটির কার্যক্রম শুরু হয় সেমিনার দিয়ে। বিকেলে নাট্যশালায় সেমিনারকক্ষে ‘নিমজ্জন: একটি থিয়েটার—ইন্সটেলেশন আর্ট, বাংলা নাটকে ঢাকা থিয়েটারের আভাঁ-গাড আন্দোলনের পরীক্ষণ’ শীর্ষক এ সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মাসউদ ইমরান। প্রাবন্ধিক মুফিদুল হকের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, জাহিদ রিপন প্রমুখ। এ সময় সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা উপস্থিত ছিলেন। 

সন্ধ্যায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করে সেলিম আল দীন রচিত নাটক চাকা। সুদীপ চক্রবর্তী নির্দেশিত নাটকটিতে অভিনয় করেন মেহেদী তানজীর, লাবণী আক্তার, সৈয়দ ইফাত আরা, নুসরাত শারমিন, মাহজাবীন ইসলাম, খান মোহাম্মদ রফিকুল ইসলাম ও সুশান্ত কুমার সরকার।

নাট্য সংগঠন স্বপ্নদলের উদ্যোগে একাডেমীর স্টুডিও থিয়েটারে সেলিম আল দীনের উদ্দেশে নিবেদিত সংগীত-কোরিওগ্রাফি উপস্থাপন এবং তাঁর জীবন-কর্ম-দর্শন আলোচনার মাধ্যমে শুরু হয় অন্য উৎসবটি। এর উদ্বোধন করেন সেলিম আল দীনের শিল্পসঙ্গী নাসির উদ্দীন ইউসুফ। বেগমজাদী মেহেরুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন এস এম মহসীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান খায়েরুজ্জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। এরপর সন্ধ্যা সাতটায় সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে স্বপ্নদল প্রযোজনা ফেস্টুনে লেখা স্মৃতি মঞ্চস্থ হয়। এর নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন, নির্দেশনা উপদেষ্টা জাহিদ রিপন এবং নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঞা ও রওনক লাবণী।