নাট্যালয়ের উৎসবে ত্রিপুরার নাটক
ঢাকার মঞ্চে নতুন নাটকের দল নাট্যালয় তাদের দলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে। উৎসবে ভারতের ত্রিপুরা থেকে আসছে নাটকের দল। ত্রিপুুরার বহরমপুরের খোয়াইয়ের শুভম নাট্যচক্র নাটক পরিবেশন করবে এ উৎসবের। তারা শিবব্রত রায়ের অপারেশন ফ্ল্যাশ নাটকটি পরিবেশন করবে। এই প্রথম শুভম নাট্যচক্র বাংলাদেশে নাটক মঞ্চস্থ করতে আসছে। নাট্যালয়ের সভাপতি সরকার হাবিব বলেন, ‘আমরা শুভম নাট্যচক্রের আমন্ত্রণে ত্রিপুরায় আমাদের নাটক মঞ্চস্থ করতে গিয়েছিলাম। তখন থেকেই দলটির সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক হয়েছে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ জানালে তারা সবিনয়ে আমন্ত্রণ গ্রহণ করেছে।’‘ফিরাইয়া দাও মুক্ত স্রোতোধারা’ স্লোগান নিয়ে ২১ জুলাই শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে এ উৎসব শুরু হবে, চলবে ২৩ জুলাই পর্যন্ত। সন্ধ্যায় উৎসবটির উদ্বোধন করবেন নাট্যজন মামুনুর রশীদ। আলোচনায় অংশ নেবেন আতাউর রহমান, লিয়াকত আলী লাকী ও ঝুনা চৌধুরী। এদিন উদ্বোধনী মঞ্চায়ন হবে নাট্যালয়ের নিজস্ব প্রযোজনা রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি। শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের প্রযোজনা শপথ পরিবেশিত হবে ২২ জুলাই। আবদুল্লাহ আল-মামুনের এই নাটকটির নির্দেশনা দিয়েছেন আরিফ হায়দার। উৎসবের শেষ দিন ২৩ জুলাই থাকছে ত্রিপুরার শুভম নাট্যচক্রের নাটক অপারেশন ফ্ল্যাশ। এটির নির্দেশনা দিয়েছেন শিবব্রত রায়। উৎসব প্রসঙ্গে সরকার হাবিব বলেন, ‘বর্তমান সময়ে তরুণ সম্প্রদায়ের মধ্যে আকাশ-সংস্কৃতির প্রভাব পড়েছে। থিয়েটারে নিবেদিত কর্মীর অভাব। তরুণেরা মূল সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে রাতারাতি তারকা বনে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বর্তমান ও আগামী প্রজন্মকে থিয়েটার-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে, তাঁদের উৎসাহিত করতে এ উৎসবের আয়োজন হাতে নিয়েছি।’