নাট্যোৎসবে চীনা নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর নাট্যশালায় চীনের গুয়াংঝু গাওজিয়া অপেরার থ্রি গ্রেড সুপার প্রমোশন’ নাটকের একটি মুহূর্ত l ছবি: আবদুস সালাম
শিল্পকলা একাডেমীর নাট্যশালায় চীনের গুয়াংঝু গাওজিয়া অপেরার থ্রি গ্রেড সুপার প্রমোশন’ নাটকের একটি মুহূর্ত l ছবি: আবদুস সালাম

নাটকের আছে এক সর্বজনীন ভাষা। তাই বুঝি কাল বৃহস্পতিবার সন্ধ্যায় চীনা নাটক দেখতে এসে মিলনায়তনভর্তি দর্শক প্রতিক্রিয়া জানাল—কখনো হেসে লুটোপুটি হয়ে, কখনো তন্ময় হয়ে। নাটক শেষে তুমুল করতালিও হলো। সব মিলিয়ে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসবে গতকালের দিনটি সার্থক হলো।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ১২ মার্চ শুরু হয়েছে এ নাট্যোৎসব। গতকাল ছিল উৎসবের অষ্টম দিন। এদিন জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে চীনের গুয়াংঝু গাওজিয়া অপেরা পরিবেশন করে নাটক থ্রি গ্রেড সুপার প্রমোশন, পরীক্ষণ থিয়েটার হলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মঞ্চস্থ করে নাটক চিয়ারী এবং একাডেমির স্টুডিও থিয়েটার হলে ঢাকার নাট্য সংগঠন স্বপ্নদল মঞ্চায়ন করে স্পার্টাকাস।
শিশু একাডেমীতে বইমেলা
বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে পঞ্চমবারের মতো শিশুদের জন্য শিশু একাডেমী আয়োজন করেছে ১০ দিনের বইমেলা। গতকাল মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম ও কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক। সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান কথাশিল্পী সেলিনা হোসেন।
দেশের ৪৫টি প্রকাশনা প্রতিষ্ঠান শিশুতোষ ও মুক্তিযুদ্ধের বই নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় আয়োজিত এ বইমেলা চলবে ২৮ মার্চ প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। প্রতিদিনই থাকবে বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বই কেনা যাবে বিশেষ ছাড়ে।
শিল্প নিয়ে ওয়াল্টার যা করলেন
শিল্পী কাইয়ুম চৌধুরীর ২০টি চিত্রকর্মের একটি প্রদর্শনী চলছে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে। দর্শনার্থীদের বলা হলো, একটা গান বাজানো হবে। দেখা যাক, গানের কথা বা সুর কোনো ছবির সঙ্গে খাপ খায় কি না? ‘ওই-যে ঝড়ের মেঘের কোলে/ বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে’— শাহানা বাজপেয়ীর কণ্ঠে রবীন্দ্রসংগীত বেজে উঠল। ‘বর্ষায় একাকিনী’র ছবিটির সঙ্গে গানের মিল খুঁজে পেলেন একজন। ছবিটিতে এক নারী তন্ময় হয়ে উপভোগ করছিলেন বৃষ্টিকে। আরেকটি ছবিতে বৃষ্টির মধ্যে কোনো এক পল্লি নারীর আঁচল উড়ে যাচ্ছিল। সেটির সঙ্গে মিল খুঁজে পেলেন আরেকজন।
শিল্প নিয়ে কথা বলার অধিকার কেবল সমালোচকের? শিল্পের সঙ্গে সাধারণ মানুষ কীভাবে নিজেকে সংযুক্ত করে? শিল্প-অভিজ্ঞতায় মানুষ ধারণা থেকে কীভাবে সিদ্ধান্তে পৌঁছায়? শিল্প নিয়ে এসব সংশয়ের উত্তর খুঁজতে গত ১৩ ও ১৪ মার্চ দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন হয়। অস্ট্রিয়ার শিল্পী ওয়াল্টার স্ট্যাচের সঙ্গে এতে অংশ নেন ১৪ জন নবীন শিল্পানুরাগী।
‘কনফিউশন হাউ টু এক্সপ্রেস ওয়ান’স অপিনিয়ন অ্যাবাউট আর্ট?’ কর্মশালার যৌথ আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন ও নয়াদিল্লির অস্ট্রিয়া দূতাবাসের কালচারাল ফোরাম। প্রথম দিন কর্মশালা হয় ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে। শেষ হয় ১৪ মার্চ গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে।