নাট্যোত্সবে ‘মুক্তির উপায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

“ভুবনেশ্বর হে, মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে”—রবীন্দ্রনাথের এই গান দিয়ে নাটক শুরু। এরপর সংলাপে, গানে এগিয়ে যায় নাটকের ঘটনাপ্রবাহ। প্রশ্ন ওঠে, মানুষের মুক্তি কোথায়? এই প্রশ্নকে কেন্দ্র করেই নানা রকমের হাস্যরসাত্মক দৃশ্যে নাগরিক নাট্যাঙ্গনের নতুন নাটক মুক্তির উপায় পূর্ণতা পায়। পরিশেষে বলা হয়, মুক্তির পথ আর কোথাও নয়, নিজের কর্মের ভেতর।ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোত্সবের গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন। এদিন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে নাগরিক নাট্যাঙ্গন প্রযোজনা করেছে নাটক মুক্তির উপায়। রবীন্দ্রনাথের ছোটগল্প মুক্তির উপায় অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। নাটকে দেখা যায়, সমাজে অনেক মানুষ আছে, যারা সংসারকর্ম ভুলে পরমাত্মার সান্নিধ্য পেতে চায়। মুক্তির পথ খুঁজতে গিয়ে তারা হারিয়ে যায়। সব ছেড়ে নিজের মধ্যে ডুবে থাকে। এ থেকে সঠিক পথে ফেরার নির্দেশনা নিয়ে নাটকের গল্পের সূত্রপাত। শেষে বলা হয়, মানুষের কর্মের মধ্যেই মুক্তির পথ। মুক্তি সংসারেই বিরাজ করে; মুক্তি মেলে মানবসেবায়, মহত্ কর্মে।মুক্তির উপায় নাগরিক নাট্যাঙ্গনের ১৯তম প্রযোজনা।মৃদুলকান্তির স্মরণসভাঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রয়াত অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে সংগীত বিভাগ।মৃদুলকান্তির স্মৃতি রক্ষার্থে কলাভবনের ষষ্ঠ তলায় সংগীত বিভাগের ৬০০১ নম্বর কক্ষটি তাঁর নামে নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক নামফলক উন্মোচন করেন।সংগীত বিভাগের চেয়ারপারসন শাহনাজ নাসরীনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কলা অনুষদের ডিন সদরুল আমিন, মৃদুলকান্তির স্ত্রী জয়া চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তী গত বছরের ১৫ আগস্ট ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।স্বর্গদ্বীপে জনপদের চলচ্চিত্র কর্মশালাজনপদেও অদেখা জীবনকে ক্যামেরার চোখে চলচ্চিত্রের দৃশ্যে দেখা। সমুদ্রের মধ্যে এক রত্তি স্বর্গদ্বীপের জেলেদের জীবন, ঝড়ঝঞ্ঝা আর সাহসিকতার নিত্যপুরাণ। পটুয়াখালী উপকূলীয় জেলেপল্লির জীবনের সঙ্গে চলচ্চিত্রকর্মীদের যোগ ঘটাতেই জনপদের চলচ্চিত্র কর্মশালা ও প্রযোজনা। অডিও-ভিজুয়াল মাধ্যমে কাজ করতে আগ্রহী তরুণ-তরুণীদের নিয়ে স্বর্গদ্বীপে কর্মশালার মধ্য দিয়ে যাত্রা করছে জনপদ। সাত থেকে ১০ দিনের এসব কর্মশালায় অংশগ্রহণকারীরা গবেষণা, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, শব্দগ্রহণ ও সম্পাদনার সব কটি বিষয় সম্পন্ন করে পরিপূর্ণ একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। সবার অংশগ্রহণে নির্মিত চলচ্চিত্রটি সেখানে প্রদর্শনের মধ্য দিয়ে কর্মশালা শেষ হবে। পরে ঢাকায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। কর্মশালা হবে ১৩ থেকে ২১ সেপ্টেম্বর। কর্মশালা পরিচালনা করবেন তথ্যচিত্র নির্মাতা মোল্লা সাগর। আগ্রহীরা ০১৯১১০৮৪৭০৫ নম্বরে যোগযোগ করে বিস্তাতির তথ্য পাবেন।