নাট্যোৎসবে ফুলকির ‘তোতাকাহিনী’
‘তোতাকাহিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যতিক্রমী কাব্যগ্রন্থ লিপিকার অন্তর্গত। আমাদের মননহীন ও আনন্দহীন শিক্ষাব্যবস্থা এর মূল উপজীব্য। এতে শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের জোরালো মতবাদ প্রকাশ পেয়েছে। বিশেষ করে, মুখস্থবিদ্যানির্ভর শিক্ষা সম্পর্কে কবির আজন্মের বিতৃষ্ণা যুক্তিসহ উপস্থাপিত হয়েছে তোতাকাহিনীতে। গতকাল সোমবার একাদশ জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসবের অষ্টম দিনে জাতীয় নাট্যশালায় ফরিদপুরের নাট্যদল ফুলকি এর নাট্যরূপ মঞ্চস্থ করে। এর নির্দেশনা দেন সান্দ্রা নন্দিনী।শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েসন। তোতাকাহিনীসহ গতকাল উৎসবে মোট ১৪টি নাটক মঞ্চস্থ হয়। এসবের মধ্যে পটুয়াখালীর সুন্দরম পিপলস্ থিয়েটারের কুসুমের জয়, দিনাজপুরের নবরূপী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ঝাঁসীর রাণী, নড়াইলের যুগান্তর সাংস্কৃতিক সংসদের পাহাড় ডাকে, রংপুরের সারথী লিট্ল থিয়েটারের রাজা ও পাখিদের গল্প, ঠাকুরগাঁওয়ের মিঠাপুকুর থিয়েটারের সুখী রাজকুমার, যশোরের অরুণোদয় সাংস্কৃতিক সংস্থার ডিল অন্যতম।উৎসবে আজ মঙ্গলবার সাতটি নাটক প্রদর্শিত হবে। প্রদর্শনী শুরু হবে বেলা চারটায়। নাটকগুলো হচ্ছে: যশোরের গণনাট্য ফোরামের জব্দ, ডায়মন্ড ক্লাবের ছেলেবেলার রবি এবং তীর্যক নাট্যদলের মার ঘুরিয়ে, ঝিনাইদহের বননাট্য থিয়েটারের পরিচয়, মুন্সিগঞ্জের সঞ্চালক নাট্যচর্চাকেন্দ্রের বাঘের স্বাদ, ফেনীর পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের বিচার চাই, ঢাকার দৌড় শিশু নাট্যদলের ছেলে বেলায় রবি। ‘আমরা সবাই মঞ্চকুঁড়ি নটনন্দনে ফুটবো’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে ১৯ মে পর্যন্ত।