নাট্যোৎসবে ব্যাপক সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথম স্টুডিও থিয়েটার প্রতিষ্ঠার গৌরব অর্জনকারী প্রতিষ্ঠান ‘শব্দাবলী’। দেখতে দেখতে কুড়ি বছর অতিক্রম করল শব্দাবলীর স্টুডিও থিয়েটার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয়ের ৪০ বছর এবং স্টুডিও থিয়েটারের কুড়ি বছরকে স্মরণীয় করতে সংগঠনটি আয়োজন করেছে নাট্যোৎসবের।ব্যতিক্রমী আয়োজনে ঢাকার বাইরের কোনো নাট্য সংগঠনের পক্ষ থেকে ঢাকায় পাঁচ দিনের উৎসব করে জানান দেয়, শব্দাবলী মফস্বলে নাটুকে দল নয়। ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঢাকায় জাতীয় নাট্যশালায় সফল আয়োজন শেষ করে তারা। দুই পর্বে অনুষ্ঠিত ১০ দিনের নাট্যোৎসবের দ্বিতীয় পর্ব হলো বরিশালে।২০ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় বরিশাল নগরের শব্দাবলী চত্বরে দ্বিতীয় পর্বের পাঁচ দিনের জমকালো উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল। ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠানে নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা ছাড়াও উপস্থিত হন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।ব্যতিক্রমী উৎসব সম্পর্কে বলতে গিয়ে প্রবীণ নাট্য ও সংস্কৃতজন নিখিল সেন বলেন, পরিশীলিত ও নান্দনিক নাট্যচর্চার মাধ্যমে শব্দাবলী বরিশালসহ দেশে একটি অবস্থান করে নিয়েছে। ঢাকার বাইরে থেকে গিয়ে ঢাকায় জাতীয় নাট্যশালায় পাঁচ দিনের নাট্যোৎসব করে শব্দাবলী প্রমাণ করেছে, তাদের অমিত যোগ্যতা।২০ জানুয়ারি বিকেল থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মুক্তিযুদ্ধের নাটক নিয়ে উৎসবে দর্শকের ভিড় লক্ষ করা গেছে। তবে আসন সীমিত থাকায় অনেক দর্শককে বিমুখ হয়ে ফিরেও যেতে হয়েছে। উৎসবের প্রথম দিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হওয়া নাটক বৃহস্পতিবার দর্শককে নিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে। একজন বীরাঙ্গনাকে নিয়ে নাটকের কাহিনি। উৎসবে আসা দর্শক বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘আমরা নাটক দেখে মুক্তিযুদ্ধের সেই সময়ে চলে গিয়েছিলাম। আমার চোখের পাতা ভিজে উঠেছে।’ বরিশালে পাঁচ দিনের উৎসবে মঞ্চস্থ হয় যথাক্রমে শব্দাবলীর বৃহস্পতিবার, শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার রাইফেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকার মুক্তি মুক্তি, ভোলা থিয়েটারের ইনফরমার এবং শূন্যন, ঢাকার লাল জমিন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শব্দাবলীর স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হওয়া নাটকে দর্শকের ভিড় ছিল লক্ষণীয়।শব্দাবলীর প্রতিষ্ঠা হয় ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর এবং স্টুডিও থিয়েটারের প্রতিষ্ঠাকাল ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর। স্টুডিও থিয়েটারের গৌরবময় এই কুড়ি বছরে ২২টি প্রযোজনার ৮১২টি সফল প্রদর্শনী করেছে তারা।