জাতীয় নাট্যশালা চত্বরে গতকাল সন্ধ্যায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সাজসজ্জায় উৎসবের আমেজ। তবে মিলনায়তনের ভেতরে নীরবতা। অন্ধকার। পর্দা উঠতেই একটা হট্টগোল শুরু হয়ে গেল। মঞ্চজুড়ে ধুলা উড়িয়ে ঝাড়ু দিচ্ছে কেউ, ব্যস্ত ছোটাছুটি। একসময় কে যেন বলে উঠল ‘রাজা এসেছে, রাজা...’। মঞ্চে ঢুকল পালকি। পালকি থেকে নামলেন এক তরুণ। নাম তাঁর ‘রবীন্দ্রনাথ ঠাকুর!’ নাটকের নায়ক স্বয়ং রবীন্দ্রনাথ। ১৮৮৯ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত কাহিনির বিস্তার। তিনি তখন শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে পৈতৃক জমিদারি দেখভাল করার কাজে নিয়োজিত। কবির দেখা তখনকার বাংলাবৃত্তান্ত রয়েছে ছিন্নপত্রে। এটি অবলম্বন করেই নাটক বাংলার মাটি বাংলার জল। নাটকের দল পালাকার প্রযোজিত বাংলার মাটি বাংলার জল রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় সৈয়দ শামসুল হক নাট্যোৎসবের চতুর্থ দিনে নাটকটির প্রদর্শনী হলো শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।নাটকের পুরো গল্প আবর্তিত হয়েছে রবীন্দ্রনাথকে ঘিরে। বিলেত-ফেরত রবীন্দ্রনাথ পারিবারিক জমিদারির দায়িত্ব নিয়ে কলকাতা থেকে এলেন বাংলাদেশের শিলাইদহ-শাহজাদপুর-পতিসরে। জাঁকজমকের সঙ্গে তাঁর অভ্যর্থনার আয়োজন করেছেন নায়েব। সম্বোধন করেছেন ‘রাজা’ বলে। কবি চমকে উঠলেন ‘রাজা’ সম্বোধনে। তিনি বললেন, ‘কে রাজা? আমি তো রাজা নই!’ তিনি উপস্থিত গ্রামবাসীকে বলেন, ‘আমি এসেছি তোমাদের সঙ্গে থাকব, মিলব বলে।’কলকাতা থেকে আসার সময় রবীন্দ্রনাথ ভাতিজি ইন্দিরা দেবীকে (সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে) কথা দিয়েছিলেন, বাংলাদেশে এসে যা কিছু দেখবেন, তার সবই লিখে জানাবেন। শিলাইদহ-শাহজাদপুর-পতিসরে বাংলাদেশের প্রকৃতির রূপ নতুন করে আবিষ্কার করতে থাকেন তিনি। এর বর্ণনা চিঠি আকারে পৌঁছে যেতে থাকে ইন্দিরা দেবীর কাছে। সেসব চিঠি নিয়েই ছিন্নপত্র। নাটকে রবীন্দ্রনাথের সঙ্গে এসেছে ইন্দিরা দেবী চরিত্রটিও। পাশাপাশি তৎকালীন বাংলাদেশের সমাজ ও বিচিত্র মানুষের জীবনযাত্রাও এসেছে একইভাবে।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শামীম সাগর, আমিনুর রহমান, শাহরিয়ার খান, দিপ্তা রতি, সেলিম হায়দার, ইভা খান, অনিকেত পাল, ফাহমিদা মল্লিক, রাশেদ খান প্রমুখ। আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমীর সাপ্তাহিক বন্ধ, তাই কোনো নাটকের প্রদর্শনী নেই। কাল বুধবার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের অপেক্ষমাণ। বাংলার শেকড়ে স্বপ্নদেশের ঐতিহ্যবাহী পটচিত্র রীতিতে আঁকা শিল্পী রঘুনাথ চক্রবর্তীর একক প্রদর্শনী গত শুক্রবার থেকে শুরু হয়েছে মহাখালীর গ্যালারি কসমস-২-এ। বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো মাদেশিমা। বিশেষ অতিথি ছিলেন শিল্পী আবদুস শাকুর শাহ। গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েত উল্লাহ খানও উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন।‘বাংলার শেকড়ে স্বপ্ন’ নামে রঘুনাথ চক্রবর্তীর এ প্রদর্শনীতে শিল্পী দেশের নিসর্গ, লোক ঐতিহ্যবাহী নকশা, সাধারণ মানুষের জীবনযাত্রার দৃশ্য তুলে ধরেছেন। রঘুনাথ চক্রবর্তীর জন্ম গাইবান্ধা জেলায়। বিশিষ্ট শিল্পী শম্ভু আচার্যের কাজে অনুপ্রাণিত হয়ে তিনি এ ধারায় শিল্পচর্চায় নিবেদিত হন। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ২৮ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে।