নাট্যোৎসবে ‘ভাইরাস ব-ভূত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের নাম হূদয়পুর। এ গ্রামের জমিদার রাঘবেন্দ্র নারায়ণের স্ত্রী কমলা সম্প্রতি মারা গেছেন। মায়ের শ্রাদ্ধে ছেলেমেয়েরা দূর দেশ থেকে বাড়িতে এসেছে। একসময় সবাই সিদ্ধান্ত নেয়, জমিদারবাড়ি বিক্রি করে দেওয়া হবে। ছোট ছেলে আনন্দ ছাড়া সবারই একমত। বাড়ি বিক্রি করে কলকাতায় ফ্ল্যাট কিনবে তারা। এ পরিস্থিতিতে জমিদার রাঘবেন্দ্র নারায়ণ অসহায় বোধ করেন। কী করে রক্ষা করবেন তাঁর প্রিয় বাড়িটি?কলকাতার ‘অন্যপেশা নাট্যনেশা’ নাট্যদলের ভাইরাস ব-ভূত নাটকের কাহিনি এই বাড়িটি নিয়ে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় থিয়েটার উৎসবের প্রথম দিনে গতকাল শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটকটি। ‘জাগ্রত করো উদ্যত করো নির্ভর করো হে’ স্লোগান নিয়ে সাত দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে থিয়েটার আরামবাগ। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী।উদ্বোধনের পর মঞ্চস্থ হয় ভাইরাস ব-ভূত। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন দেব কুমার ঘোষ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব নারায়ণ কুন্ডু, হীরেন চৌধুরী, সমীর ব্যানার্জি, তপন চ্যাটার্জি, সোমনাথ ব্যানার্জি, প্রণতি ঠাকুর, অনুসূয়া, মিতালী ব্যানার্জি, অসীম মুখার্জি, কাবেরী চক্রবর্তী প্রমুখ। আজ রোববার নাট্যশালা মঞ্চে একই দল মঞ্চস্থ করবে নাটক আব্বুলিশ। কাল সোমবার রয়েছে লোকনাট্য দলের কঞ্জুস। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের উৎসবে মঞ্চস্থ হবে ছয়টি নাটক। এ ছাড়া ২৬ অক্টোবর থিয়েটার কার্যালয়ে ‘মঞ্চনাটক: সমকালীন প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।শামসুর রাহমানের জন্মদিনেকবি শামসুর রাহমান শুধু কবিতা দিয়েই জনতার মধ্যে আসেননি, তিনি নিজেও এসেছিলেন সশরীরে বিভিন্ন আন্দেলন-সংগ্রামে। কবিতায় তিনি বিদায়ের বিষণ্নতাকে সৃষ্টি করেছেন সৌন্দর্যের প্রতীকে। বাঙালি জাতিসত্তার উন্মেষ এবং বাংলা ভাষা ও সাহিত্যকে সম্মানের সিংহাসনে অধিষ্ঠিত করে গেছেন। তিনি অমলিন হয়ে আছেন বাঙালির কাছে, বিশ্বমানবের কাছে। বাঙালি জাতির দর্পিত সমাজজীবন, প্রকৃতি ও ঐতিহ্যগতভাবে অর্জিত সংস্কৃতি, সাহিত্য আর শিল্পের মাধুর্যকে তিনি ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সবুজ চত্বরে গতকাল শনিবার কবি শামসুর রাহমানের ৮১তম জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তাঁর অনুরাগীরা। জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, স্মৃতি পরিষদের সদস্যসচিব মুহাম্মদ সামাদ, রুবী রহমান প্রমুখ।নৃত্যের তালে তালে ‘অন্তর মম বিকশিত করো নির্ভয় করো’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আলোচনার পর কবির কবিতা আবৃত্তি করেন আবু জাফর সিদ্দিকী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ, শিমুল মুস্তাফা, লায়লা আফরোজ প্রমুখ। সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, লিলি ইসলাম, লীনা তাপসী খান, নন্দিতা ইয়াসমিন।উদীচী জেলা সংসদের সম্মেলনগোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শনিবার গোপালগঞ্জ জেলা উদীচীর অষ্টম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, উদীচী কেন্দ্রীয় সংসদের মামুনুর রশীদ প্রমুখ। সম্মেলনে নাজমুল ইসলামকে সভাপতি করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।