নাট্যোৎসবে ‘মহাজনের নাও’ ও ‘রাজা ইদিপাস’
মঞ্চের মাঝখানে মানববৃত্ত। ঢোল, মন্দিরা, হারমোনিয়াম ও তবলার সম্মিলিত বাদনে পরিবেশ বাঙ্ময়। কখনো দ্রুত লয়ে, কখনো একটু ঢিমে তালে চলতে থাকা বাজনার সঙ্গে ঘুরছিল বৃত্তটি। হঠাৎ থেমে গেল বাজনা। পিনপতন নীরবতা। তারপর শুরু হলো গান, ‘মনের দুঃখ কই না মানুষ বিনে’। গানের সঙ্গে সিলেট অঞ্চলের স্বনামধন্য বাউল-কবিদের কৃতির বয়ান।এভাবেই শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে শুরু হয়েছিল ঢাকা সুবচনের নাটক মহজনের নাও। গতকাল শনিবার ছিল জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলার দ্বিতীয় দিন। এদিন একই সময়ে আরও একটি নাটক মঞ্চস্থ হয়েছে জাতীয় নাট্যশালায়। সিলেটের কথাকলি থিয়েটার মঞ্চস্থ করছে রাজা ইদিপাস। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের কালনী নদীর তীরে জন্ম আবদুল করিমের। ভাটি এলাকার পানি, নৌকা, মানুষ আর প্রকৃতি তাঁকে অগ্রগণ্য বাউলসাধকে পরিণত করে তুলেছিল। তাঁর জীবনদর্শন নিয়ে শাকুর মজিদ রচনা করেছেন মহাজনের নাও। নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। শাহ আবদুল করিমের জীবনকে এ নাটকে তুলে আনা হয়েছে সহজ-সরল ভঙ্গিতে। গান-অন্তঃপ্রাণ মানুষটির জীবনের ঘাত-প্রতিঘাত উঠে এসেছে নাটকে। গ্রামীণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন নাট্যকার। নাটকে ‘আর কিছু চায় না মন গান ছাড়া’, ‘কোন মেস্তোরি বানাইয়াছে নাও’, ‘গ্রামের নওজেয়ান হিন্দু মুসলমান’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘কেমনি ভুলিব আমি’সহ তাঁর ২১টি গান ব্যবহূত হয়েছে। এ ছাড়া আছে লাঠিখেলা, হাডুডু ও মালজুড়া গান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহাম্মদ গিয়াস, আনসার আলী, আসাদুল ইসলাম প্রমুখ। জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ রাজা ইদিপাস নাটকটি গ্রিক নাট্যকার সফোক্লিসের লেখা থেকে অনুবাদ করেছেন খোন্দকার আশরাফ হোসেন। নির্দেশনা দিয়েছেন জিয়াউল তিতাস।আজ উৎসবের তৃতীয় দিনে জাতীয় নাট্যশালায় বরিশাল নাটক মঞ্চস্থ করবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক। পরীক্ষণ থিয়েটারে নাট্যকেন্দ্র মঞ্চস্থ করবে আরজ চরিতামৃত। উৎসব চলবে ১৭ জুন পর্যন্ত।