নাতনিদের অভিনয় দেখে খুশি সুচিত্রা
গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হলো ঋতুপর্ণ ঘোষের ছবি নৌকাডুবি। বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত ছবিটি পানাজির কলা একাডেমি মিলনায়তনে দেখানো হলো গত বুধবার সন্ধ্যায়। ছবিতে অভিনয় করেছেন সুচিত্রা সেনের দুই নাতনি রাইমা ও রিয়া সেন, প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত প্রমুখ। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রিয়া সেন। তিনি বললেন, ‘দিদা (সুচিত্রা সেন) নৌকাডুবি ছবিতে আমাদের দুই বোনের অভিনয় দেখে দারুণ খুশি হয়েছেন। বেশ প্রশংসাও করেছেন।’রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে তৈরি হয়েছে নৌকাডুবি ছবিটি। ভারতের গোয়া রাজ্যের রাজধানী পানাজিতে ২২ নভেম্বর শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল বৃহস্পতিবার দুপুরে পানাজির আইনক্স দুই প্রেক্ষাগৃহে দেখানো হয় ফকির লালন শাহকে নিয়ে গৌতম ঘোষের ছবিমনের মানুষ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। ছবিতে লালনের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ।